চাকরিপ্রার্থীদের ব্যাংক ড্রাফট নিয়ে প্রতারক চক্র উধাও
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘কেয়ার বাংলাদেশ’-এ লোক নিয়োগের নামে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে জয়পুরহাটে মোটা অঙ্কের ব্যাংক ড্রাফট হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রটি আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে সংস্থার প্রধান কার্যালয়ে লোক নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে ব্যাংক ড্রাফট হাতিয়ে নেওয়ার ফাঁদ পাতলেও বিষয়টি দ্রুত ফাঁস হয়ে যাওয়ায় অনেকে প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন।এদিকে ঘটনা ফাঁস হওয়ার পরপরই গত মঙ্গলবার প্রতারক চক্রটি কার্যালয় গুটিয়ে উধাও হয়েছে। ওই প্রতারক চক্র সম্পর্কে জনগণকে সতর্ক করে মঙ্গলবার কেয়ার বাংলাদেশের প্রধান কার্যালয় পত্রিকায় বিজ্ঞপ্তি ছেপেছে। এতে বলা হয়েছে, ওই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংস্থাটির কোনো সম্পর্ক নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেয়ার বাংলাদেশের নামে ৮ মে দৈনিক করতোয়া পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়। বিজ্ঞপ্তিতে কেয়ার বাংলাদেশের উপপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক, মাঠ পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ২৫টি পদে লোক নিয়োগের দরখাস্ত আহ্বান করা হয়। দরখাস্ত জমার শেষ তারিখ ছিল ১৯ মে। এসব পদে মাসিক সর্বোচ্চ ২১ হাজার থেকে সর্বনিম্ন তিন হাজার টাকা বেতনের কথা উল্লেখ করে দরখাস্তের সঙ্গে ২০০ ও ১০০ টাকা করে ব্যাংক ড্রাফট চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে কেয়ার বাংলাদেশের প্রধান কার্যালয়ের ঠিকানা হিসেবে বাসা ১৯, সড়ক ২, ব্লক-বি, হাউজিং এস্টেট, জয়পুরহাট উল্লেখ করে এই ঠিকানায় দরখাস্ত পাঠাতে বলা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই ব্যাংক ড্রাফটসহ দরখাস্ত পৌঁছাতে চাকরিপ্রত্যাশীরা হুমড়ি খেয়ে পড়েন।এদিকে সংস্থাটির প্রধান কার্যালয়ের ঠিকানা জয়পুরহাট উল্লেখ করায় চাকরিপ্রার্থীদের কারও কারও সন্দেহ হয়। তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, জয়পুরহাটে সংস্থাটির কোনো প্রধান কার্যালয় নেই। প্রার্থীরা বিষয়টি কেয়ার বাংলাদেশের প্রধান কার্যালয়ের নজরে আনেন।কালাইয়ের বলিগ্রামের চাকরিপ্রার্থী পঙ্কজ সরকার জানান, তিনি জয়পুরহাটের ঠিকানায় খোঁজ নিয়ে প্রতারক চক্র ফাঁদ পেতেছে—এমনটা নিশ্চিত হওয়ার পর বিষয়টি কেয়ার বাংলাদেশের প্রধান কার্যালয়কে জানান।অপর চাকরিপ্রত্যাশী সাহানা আকতার বলেন, তিনি সোমবার ২০০ টাকার ব্যাংক ড্রাফটসহ দরখাস্ত ওই ঠিকানায় পৌঁছে দিয়েছেন। সেখানে সংস্থার কর্মকর্তার পরিচয়ে একজন দরখাস্ত গ্রহণ করেছেন। এদিন তাঁর মতো অন্তত ৫০ জন ব্যাংক ড্রাফটসহ দরখাস্ত পৌঁছে দেন।এদিকে মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে একই দৈনিকে বিজ্ঞপ্তি ছেপে চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষকে প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। কার্যালয় গুটিয়ে গা ঢাকা দেয় প্রতারক চক্র।মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের ওই ঠিকানায় গিয়ে কেয়ার বাংলাদেশের নামে কোনো সংস্থার কাউকে পাওয়া যায়নি। বাড়ির মালিক হাতেম আলী বলেন, ‘ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি নিজেকে কেয়ারের পরিচালক পরিচয় দিয়ে ২ মে বাসাটি ভাড়া নেন। ৫ তারিখে সেখানে কিছু আসবাব এনে দুজন কাজ শুরু করেন। কিন্তু আজ (মঙ্গলবার) থেকে তাঁরা আর আসছেন না।’সমাজসেবা অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কেয়ার বাংলাদেশের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র চাকরিপ্রার্থীদের কাছ থেকে ব্যাংক ড্রাফট হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পেতেছিল। এরা হায় হায় কোম্পানি। এদেরকে ধরতে অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত দল পাঠানো হয়েছিল। কিন্তু কার্যালয় গুটিয়ে কেটে পড়ায় কাউকে সেখানে পাওয়া যায়নি।’