যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আবদুল্লাহ হেল কাফীর চাকরিবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংগঠনের নেতা-কর্মীরা উপাচার্য শরীফ এনামুল কবির বরাবর এ স্মারকলিপি দেন।স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, প্রশাসনের শাস্তি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়, অভিযোগটি সত্য এবং ওই শিক্ষক অপরাধী। তাঁরা বলেন, অপরাধ অনুযায়ী প্রদত্ত শাস্তি খুবই নগণ্য ও অগ্রহণযোগ্য। এ ছাড়া টেকনিক্যাল কমিটি গঠন করার বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধান উপেক্ষা করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে তাঁরা স্মারকলিপিতে উল্লেখ করেন।স্মারকলিপিতে তাঁরা প্রশাসনের কাছে দ্রুত চাকরিবিধি অনুযায়ী আবদুল্লাহ হেল কাফীকে যৌন হয়রানির অপরাধে সর্বোচ্চ শাস্তি দেওয়া, অভিযোগকারীকে চাপে রাখার নীতি পরিহার, ক্যাম্পাস পরিচালনায় স্বচ্ছ ও চাতুর্যমুক্ত ভূমিকা পালন এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাসজীবন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্মরকলিপি প্রদানকালে অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক কামরুল আহসানসহ বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘আবদুল্লাহ হেল কাফীর যৌন হয়রানির ঘটনা প্রমাণিত হওয়ার পরও তাঁকে বরখাস্ত না করে পদাবনতি দেওয়া হয়েছে। আমরা আশা করছি, প্রশাসন দ্রুত সিন্ডিকেটের রায় পুনর্বিবেচনা করে তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।’ এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।গত ১৫ এপ্রিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে একই বিভাগের এক শিক্ষিকা যৌন নিপীড়নের অভিযোগ করেন। গত বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় আবদুল্লাহ হেল কাফীকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি এবং একই সঙ্গে তাঁকে বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।