চাকরির অপেক্ষায় ২৩ মাস পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩তম বিসিএসে উত্তীর্ণ ৭০ জনকে খাদ্য পরিদর্শক হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দ্বিতীয় শ্রেণির এই পদে যোগ দিয়ে পরিবারের হাল ধরবেন এমনটাই ছিল স্বপ্ন। কিন্তু সুপারিশের ২৩ মাস পরও নিয়োগ না পেয়ে সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে। হতাশ এই তরুণেরা জানেন না, কবে তাঁদের এই অপেক্ষা শেষ হবে।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়োগ বিধিমালা না হওয়ায় এই নিয়োগ ঝুলে আছে। অথচ খাদ্য অধিদপ্তরের বাতিল হওয়া পুরোনো বিধিমালা অনুসারে চলতি মাসের ৩ তারিখে ৮৮ কর্মকর্তাকে চাকরিতে আত্মীকরণ, পদায়ন দেওয়া হয়েছে। এ নিয়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘যাঁদের পদায়ন দেওয়া হয়েছে তাঁদের নিয়োগ হয়েছে অনেক আগে। নতুন চাকরি দেওয়া হয়নি। আর খাদ্য পরিদর্শক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ না হওয়ায় আমাদেরও কাজ চালাতে কষ্ট হচ্ছে।’

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেছেন, ২০১৫ সালের ২৬ আগস্ট পিএসসি তাঁদের ৭০ জনকে খাদ্য পরিদর্শক পদে নিয়োগের সুপারিশ করে। ৩৩তম বিসিএসে উত্তীর্ণ অপর যে ৯১২ জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি, তাঁরা সবাই নিয়োগ পেয়েছেন। কিন্তু খাদ্য পরিদর্শকের ১৫০টি পদ এখনো শূন্য থাকলেও তাঁরা নিয়োগ পাচ্ছেন না।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, খাদ্য মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতেই পিএসসি সুপারিশ করেছে। মন্ত্রণালয়ের দায়িত্ব এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া। আর বিধিমালা না থাকলে, দ্রুতই বিধিমালা তৈরি করে হলেও সুপারিশপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। সুপারিশপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে বলে জানান তাঁরা। নিয়োগ পেতে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসিতে ঘুরে ঘুরে এখন সময় কাটছে তাঁদের। তাগাদা দিতে বিভিন্ন সময় পিএসসিতে এবং মন্ত্রণালয়েও চিঠি দিয়েছেন। প্রায় দুই বছরেও নিয়োগ না পাওয়ায় তাঁদের অনেকেরই সরকারি চাকরিতে আবেদনের বয়স পার হয়ে গেছে। চাকরি পেয়েও সেই চাকরিতে যোগদান করতে না পারায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।

নিয়োগের সুপারিশ পাওয়া এক প্রার্থী বলেন, ‘নিয়োগের সুপারিশ পেয়েও মাসের পর মাস বেকার জীবন কাটাতে হচ্ছে। ভেবেছিলাম দ্রুত চাকরিতে যোগ দিয়ে পরিবারের হাল ধরব। কিন্তু এখনো পরিবারের বোঝা হয়ে আছি।’ আরেক প্রার্থী বলেন, ‘এই অপেক্ষা কবে শেষ হবে জানি না। সচিবালয় আর অধিদপ্তরে ঘুরেও কোনো উত্তর মিলছে না। কবে নাগাদ কর্মস্থলে যোগ দিতে পারব, এমন কোনো তথ্য কেউ দিতে পারছেন না।’

পিএসসির ক্যাডার শাখার পরিচালক মো. নেয়ামতউল্ল্যাহ প্রথম আলোকে বলেন, পিএসসি মূলত নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। পিএসসি সুপারিশ করে খাদ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। এরপরের দায়িত্ব মন্ত্রণালয়ের। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, আগের নিয়োগ বিধিমালা এখন অকার্যকর। নতুন নিয়োগ বিধিমালা না হওয়ায় এই নিয়োগ ঝুলে আছে। ফলে ওই ৭০ জনকে নিয়োগ দেওয়া যাচ্ছে না। তবে প্রার্থীরা বলছেন, নিয়োগ বিধিমালা না থাকলেও একই সময়ে পিএসসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তা পদে যাঁদের সুপারিশ করেছিল, তাঁরা নিয়োগ পেয়েছেন। তাই তাঁদেরও নিয়োগ দেওয়া যেতে পারে।

খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপসচিব আহমেদ ফয়সল গত সোমবার বলেন, ‘সুপারিশপ্রাপ্তদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু নতুন নিয়োগ বিধিমালা না হওয়ায় কিছু করা যাচ্ছে না। বিধিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন।’ তিনি বলেন, নতুন বিধিমালা না হওয়ায় খাদ্য অধিদপ্তরের অন্যান্য নিয়োগ, পদোন্নতিও বন্ধ রয়েছে।