চাকরির আশায় এক যুগ খেটে চলা
‘বারো বছর ধরে ইউনিভার্সিটির বাসের হেলপার হিসেবে কাজ করছি। একটি চাকরির আশায় বিনা বেতনে খাটছি। কত ভিসি এল-গেল। কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হলো না।’ এভাবেই মনের কষ্টের কথা জানালেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মচারী ফরহাদ হোসেন। ফরহাদের মতো এমন আরও অর্ধশতাধিক কর্মচারীর মনেও একই কষ্ট। বছরের পর বছর তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে কাজ করছেন। কিন্তু চাকরি আর মিলছে না। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দাপ্তরিক প্রধানেরা তাঁদের দিয়ে কাজ করিয়ে নেন। নিয়োগ পাওয়া কর্মচারীদের মতোই তাঁরাও সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কাজ করেন। ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য মানবতা দেখিয়ে কর্মকর্তারা তাঁদের নামমাত্র মাসিক সম্মানী (৫০০ থেকে এক হাজার টাকা) দেন।এসব কর্মচারী অভিযোগ করেন, কোনো কোনো দপ্তরে পারিশ্রমিকই দেওয়া হয় না। আবার কিছু ক্ষেত্রে বিভাগের নিজস্ব সঞ্চয় থেকে সামান্য টাকা দেওয়া হয়। গত এক যুগে কয়েকজন উপাচার্যের পালাবদল হলেও তাঁদের চাকরি হয়নি নিয়োগ-বাণিজ্যের কারণে।শিক্ষক সমিতির কার্যালয়ে ১১ বছর ধরে বিনা বেতনে কাজ করছেন কর্মচারী আলমগীর। শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ক্যাম্পাসের নীতিনির্ধারক হিসেবে কাজ করলেও এ কার্যালয়ের কর্মচারী আলমগীরের চাকরি হয়নি। সব সভাপতি ও সাধারণ সম্পাদক ভবিষ্যতে নিয়োগে আলমগীরের চাকরি হবে বলে আশ্বস্ত করলেও তাঁর চাকরি হয়নি। এ ছাড়া আইন বিভাগের জাহাঙ্গীর ১৩ বছর, ইতিহাসের জাবেদ ছয়, আল-হাদীসের রেজাউল ১২, জিয়াউর রহমান হলের এমদাদ ও বাংলা বিভাগের ছাইদুল আট, ফজিলাতুননেসা মুজিব হলের মাছুদা ১২, অন্না ১০, জেসমিন ১২, তিসবার ১০, ফিরোজ ও ঝর্ণা ছয় বছর ধরে খেটে চলেছেন। সব মিলিয়ে অর্ধশতাধিক কর্মচারী এক যুগ ধরে কাজ করছেন। কিন্তু চাকরি হয়নি।ক্যাফেটেরিয়ার খন্দকার রানা বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি একটি চাকরির আশায়। ক্যাফে থেকে যে সামান্য টাকা দেওয়া হয়, তাতে সংসার চলে না।’ বিনা বেতনে খেটে যাওয়া এসব কর্মচারীর সবার একটিই কথা, এত দিন বিনা বেতনে খাটলাম। আগামী নিয়োগ পর্যন্ত দেখি। এভাবেই দেখতে দেখতে ১০-১২ বছর কেটে গেল।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও পরিচালকেরা জানান, এঁদের কোনো চুক্তিভিত্তিক বা দাপ্তরিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। তবে কাজের সুবিধার্থে তাঁদের রাখা হয়েছে। বিনিময়ে সামান্য পারিশ্রমিক দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি তোজাম্মেল হোসেন বলেন, ‘বিষয়টি অমানবিক। তবে প্রশাসনের উচিত, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।’ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘কোনো কর্মচারীকে যেন বিনা বেতনে কাজ না করানো হয়, সে ব্যাপারে প্রতিটি দপ্তরেই নির্দেশ দেওয়া আছে। কেউ সেটা করে থাকলে তা আমার জানা নেই। তবে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের যেসব কর্মচারী বিনা বেতনে খাটছেন, তাঁরা আবেদন করলে তা বিবেচনা করে দেখা হবে।’