চাকরির চিঠি এসেছে সাদিয়ার
ঢাকার ইডেন কলেজের রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী ছিলেন সাদিয়া নূর (২১)। ডাক নাম মিতা। গত ৩১ আগস্ট গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সেই সাদিয়াদের বাড়িতে গত মঙ্গলবার একটি চিঠি এসেছে। খাম খোলার পর জানা গেল, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি হয়েছে সাদিয়ার।বাবা লিয়াকত আলী মোল্লা জানান, চিঠিতে উল্লেখ আছে—মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় সাদিয়া নূরের চাকরি হয়েছে। তিনি বলেন, ‘সে যে এই পরীক্ষা দিয়েছিল, আমরা তা জানতামই না। তবে তার মাকে সে একদিন বলেছিল, “মা আমার কলম কত শক্ত হয়েছে, তার একটা প্রমাণ খুব তাড়াতাড়ি দেব”।’এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে পুলিশ দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে গত বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানিয়েছেন। প্রসঙ্গত, রমজানের ছুটি শুরু হলে সাদিয়া নূর ঢাকা থেকে গোপালগঞ্জ শহরের বাড়িতে আসেন। গত ৩০ আগস্ট রাতে বোন ও চাচাতো বোনের সঙ্গে এক ঘরে ঘুমান তিনি। সেহির খেতে উঠে সবাই দেখেন, সাদিয়া ঘরে নেই। দরজা ও বাড়ির গেট খোলা। পরদিন দুপুরে বাড়ির পাশে একটি মজাপুকুর থেকে পুলিশ সাদিয়ার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে সাদিয়াকে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাদিয়ার চাচাতো ভাই ঢাকার মিরপুর বাঙলা কলেজের ছাত্র শামছুর রহমান (২৬), তাঁর ভাই আনোয়ার মণি (২৯) ও বোন ইসরাত জাহান (১৮), শামছুর রহমানের বন্ধু মাসুম বিল্লা (২৭) ও জসিমুল হায়দারকে (২৮) গ্রেপ্তার করে। তাঁদের প্রথম দফায় পাঁচ দিন ও দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।