চাকরির জন্য বিদেশ যেতে নিবন্ধন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি চাকরির জন্য বিদেশ যেতে পারবেন না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে বিদেশে কর্মসংস্থানে আগ্রহী কর্মীদের অনলাইনে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণা রোধে নিবন্ধনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ইন্টারনেটের মাধ্যমে এই নিবন্ধনকাজ (রেজিস্ট্রেশন) করবে।মন্ত্রী জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে বলেন, এখন থেকে বিদেশে লোক পাঠাতে হলে বিএমইটির নিবন্ধনভুক্তদের পাঠাতে হবে। এর ব্যতিক্রম করা যাবে না। তিনি বলেন, ‘কিছু রিক্রুটিং এজেন্সির অনৈতিক কাজের জন্য দুর্নাম আর হতে দেওয়া যাবে না। মন্ত্রী হিসেবে আমাকে আদমমন্ত্রী বলে ডাকবে, তা কেন হবে?’নিবন্ধন বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, বিদেশ যেতে যেন আর কেউ প্রতারিত না হন, তারই একটি পদক্ষেপ হিসেবে অনলাইন নিবন্ধন চালু করল সরকার। তিনি বলেন, পোশাকশিল্প খাতে বাংলাদেশ যেমন বিশ্বের অন্যান্য দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে, তেমনি আর অল্প কিছু দিনের মধ্যেই অভিবাসনের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাবে।মন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে কৃষির সর্বাধিক ৩০ শতাংশ অবদানের পরই দ্বিতীয় অবস্থানে আছে প্রবাসীদের কষ্টার্জিত উপার্জন। এর পরিমাণ প্রায় ১২ শতাংশ।বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম শামছুন্নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইন নিবন্ধনের প্রযুক্তিগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিভাগের পরিচালক এস এম লুৎফুল কবির।নিবন্ধন প্রক্রিয়া: দেশের যেকোনো স্থান থেকে বিদেশে কর্মসংস্থানে আগ্রহী ব্যক্তিরা কম্পিউটার অথবা মুঠোফোনে ইন্টারনেটের সাহায্যেও বিএমইটির ওয়েবসাইটে (.িনসবঃ.মড়া.নফ) নাম নিবন্ধন করতে পারবেন। এ জন্য আগ্রহী ব্যক্তিকে ৮৮ টাকা (নিবন্ধন ফি ৮০ ও সার্ভিস চার্জ আট টাকা) সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের মাধ্যমেও নিবন্ধন পদ্ধতি চালু থাকবে। নিবন্ধনের সময় ইচ্ছুক ব্যক্তিদের ভোটার আইডি, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্টের তথ্য দিতে হবে।বিএমইটির মহাপরিচালক জানান, নিবন্ধনের জন্য সার্ভার উন্নয়নের কাজ চলছে। আপাতত ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত নিবন্ধন চলবে। উন্নয়নকাজ শেষ হলে ২৪ ঘণ্টা এ সেবা চালু রাখা হবে।