চাকরির ডালা সাজিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার মেলা
চাকরিপ্রত্যাশীদের জন্য বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বারিধারা ক্যাম্পাসে চাকরির পসরা সাজিয়ে বসেছে ৬১টি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ষষ্ঠ এই ক্যারিয়ার মেলা ২০১০ চলবে আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত।বাণিজ্যমন্ত্রী ফারুক খান গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে মেলাটি উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তৃতা পর্বে বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান কত লোক চায় আর চাকরিপ্রত্যাশী কত—এ বিষয়টি খতিয়ে দেখলেই দেশে কর্মসংস্থানের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা করা যাবে।সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি দেওয়ার জন্য প্রায়ই দক্ষ লোক খুঁজে পায় না। চাকরিপ্রত্যাশীদের এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন। উদ্বোধনের পর উল্লেখযোগ্যসংখ্যক মানুষ গতকাল কাঙ্ক্ষিত চাকরির প্রত্যাশায় বিভিন্ন স্টলে খোঁজ নেন। তাঁদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন হিসেবে কর্মরতদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা তরুণ-তরুণীরাও মেলায় ভিড় করেছেন। তাঁদের অনেকেই এসেছিলেন জীবনবৃত্তান্ত হাতে নিয়ে। অনেকেই এসেছেন ঢাকার বাইরে থেকেও। মেলার ওয়েব পার্টনার প্রথম আলো জবস ডট কমের স্টলে দেড় শতাধিক জীবনবৃত্তান্ত পড়েছে বলে জানান প্রতিষ্ঠানের চিফ অপারেটিং কর্মকর্তা রিয়াদ হোসেন। তিনি জানান, ই-মেইলের মাধ্যমেও তাঁদের কাছে আরও ১০০ জীবনবৃত্তান্ত এসেছে। যেসব শিক্ষার্থী এই স্টলে জীবনবৃত্তান্ত দিচ্ছেন তাঁরা যদি প্রশিক্ষণ নিতে চান সে ক্ষেত্রে তাঁদের বিশেষ ছাড় দেওয়া হবে।শুধু জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্যই কুমিল্লা থেকে এসেছিলেন নেজামউদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, মেলায় এলে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত দেওয়া যায়। নর্থ সাউথ থেকে সদ্য বিবিএ শেষ করা শারিকা নাসরিন বলেন, মেলায় জীবনবৃত্তান্ত দিলে তাত্ক্ষণিকভাবে অনেক সময় সাক্ষাত্কার নেওয়া হয়।