চাকরির দাবি মাইন সার্ভের শিক্ষার্থীদের
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের খনিজ সম্পদবিষয়ক বিষয় মাইনিং অ্যান্ড মাইন সার্ভের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় কোটা সৃষ্টি, পাস করে চাকরি পাওয়ার নিশ্চয়তাসহ কয়েক দফা দাবি জানিয়েছেন।গতকাল রোববার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এসব দাবি জানান। একই দাবিতে তাঁরা শহরের সাতমাথায় মানববন্ধন করেন। এতে ওই বিষয়ের অষ্টম পর্বের শিক্ষার্থী সৈয়দ আবুল মোহাম্মদ কাইয়ুম বলেন, দেশের ১৮টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে শুধু বগুড়া পলিটেকনিকে মাইনিং অ্যান্ড মাইন সার্ভে বিষয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হয়।খনিজ সম্পদ সঠিকভাবে উত্তোলন এবং এ খাতে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ২০০৬ সালে বিষয়টি চালু করা হয়। সে বছরই প্রথম ব্যাচে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হন। ২০১০ সালে তাঁরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। পাস করার পরও তাঁরা চাকরি করার সুযোগ পাচ্ছেন না। আবার উচ্চশিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে মাইনিং অ্যান্ড মাইন সার্ভে উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বিভিন্ন খনিতে তাঁদের প্রকৌশলী হিসেবে নিয়োগ, চুয়েট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন খনিতে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা।শিক্ষার্থীরা জানান, পেট্রোবাংলার অধীন বিভিন্ন গ্যাসক্ষেত্রসহ দেশি-বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ আছে। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে তাঁদের বিষয়টি উল্লেখ করা হয় না। এতে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।শিক্ষার্থীরা আরও জানান, অধ্যক্ষ গোলাম মোস্তফা তাঁদের সমস্যা সমাধানের জন্য সরকারের উচ্চমহলে একাধিকবার চিঠি দিয়েছেন; কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। পাস করা ও বর্তমান শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।