চাকরির দাবিতে ক্লিনিকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ১৩টি কমিউনিটি ক্লিনিক এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। জমিদাতা পরিবারের সন্তানদের চাকরি না হওয়ায় তাঁরা ক্লিনিকগুলোয় তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এগুলো বন্ধ থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।সংশ্লিষ্ট বিভাগ জানায়, ১৯৯৭ সালে উপজেলার সাতটি ইউনিয়নের জনসাধারণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ২২টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। এ সময় মৌখিকভাবে জানানো হয়, ক্লিনিকের জন্য যাঁরা জমি দেবেন, তাঁরা বা তাঁদের সন্তানদের চাকরি দেওয়া হবে। এ প্রতিশ্রুতিতে জমিদাতারা পাঁচ শতাংশ করে জমি ক্লিনিকের নামে লিখে দেন। পরে সরকার পরিবর্তন হলে এসব ক্লিনিকের কার্যক্রম স্থগিত করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এগুলো আবার চালু হয় এবং প্রতিটি ক্লিনিকে একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি ন্যাশনাল সার্ভিস কার্যক্রম চালু হওয়ার পর ন্যাশনাল কর্মীদেরও স্বাস্থ্যসেবায় নিয়োজিত করা হয়। জমিদাতা পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত না হওয়ায় তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ নিয়ে বারবার সরকারের কাছে আবেদন করেও কাজ হয়নি। অবশেষে ২২ অক্টোবর থেকে উপজেলার ২০টি ক্লিনিকে জমিদাতারা তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেন। এর মধ্যে সাতটি খুলে দেওয়া হলেও ১৩টি এখনো বন্ধ রয়েছে।জমিদাতা সমিতির সভাপতি সৈয়দ আলী বলেন, ‘চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি লিখে নিয়েছে। এখন চাকরি পাচ্ছি না। এ কারণে তালা ঝুলিয়ে দিয়েছি। পরিবারের সদস্যদের চাকরি চেয়ে উপজেলার ২২ জমিদাতা স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন পাঠিয়েছি।’রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফতার আলী তালা ঝোলানোর কথা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।