চাকরির দাবিতে ফটকে তালা দিল ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির দাবিতে আজ শনিবার প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন চাকরি-প্রত্যাশীরা। এই চাকরি-প্রত্যাশীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।
বিক্ষোভের সময় ফটকে তালা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আটকে দেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তাঁরা তালা খুলে দেন এবং বাসগুলো ছেড়ে দেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে আশিকুর রহমান, তৌফিকুর রহমান, মিজানুর রহমান, আরব আলী, আনিসুজ্জামান লিটন, রাসেল জোয়ারদারসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ থেকে ১২ জন সাবেক নেতা-কর্মী ৮ থেকে ১০ জন বহিরাগতকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ফলে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহগামী শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের দুপুর ১২টার শিফটের বাসগুলো যেতে পারেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে দুপুর আড়াইটায় চাকরি প্রত্যাশীরা ফটকের তালা খুলে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটা আমাদের দীর্ঘ দিনের দাবি। বারবারই তারা আমাদের আশ্বাস দিয়ে আসছে। তবে এবার প্রশাসন দ্রুততম সময়ের মধ্যেই আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আছে। আন্দোলনকারীদের বলেছি, দ্রুততম সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তাঁদের দাবির বিষয়টি বিবেচনা করে দেখা হবে।’