চাকরির দাবিতে ৩৩তম বিসিএস উত্তীর্ণদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেছেন ৩৩তম বিসিএস উত্তীর্ণরা।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেছেন ৩৩তম বিসিএস উত্তীর্ণরা।

নন-ক্যাডার চাকরির দাবিতে আজ রোববার দুপুরে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেছেন ৩৩তম বিসিএস উত্তীর্ণরা। তাঁদের ভাষ্য, পদ খালি থাকা ও প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তাঁদের নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে না।

মানববন্ধন আয়োজকদের একজন মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের দুই লাখ ২৯ হাজার পদ খালি রয়েছে। এর মধ্যে বর্তমানে ১২ হাজার প্রথম শ্রেণি ও ৪২ হাজার দ্বিতীয় পদ শূন্য রয়েছে। প্রধানমন্ত্রী দ্রুত নিয়োগের জন্য নির্দেশনাও দিয়েছেন। এর পরও অজানা কারণে নিয়োগ-প্রক্রিয়া স্থবির হয়ে আছে। তিনি বলেন, অথচ ৩৩তম বিসিএস উত্তীর্ণ প্রায় তিন হাজার প্রার্থী বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করা শাহীন নামের এক মেধাবী ছাত্র আত্মহত্যা করেছেন। চাকরি না পেলে আরও অনেককেই হয়তো সে পথে যেতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সম্প্রতি সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৪১১ জন, কর পরিদর্শক পদে ২৩০ জন ও অতিরিক্ত কর পরিদর্শকের ২০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া চলছে। অথচ সরকারি কর্মকমিশনে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ পাওয়ার জন্য ৩৩তম বিসিএস উত্তীর্ণরা অপেক্ষায় আছেন। দ্রুত এই সমস্যা সমাধানে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।