চাকরির নামে ইরাকে ২১ জনকে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাসে ৬০ হাজার টাকা বেতনের আশায় ইরাকে গিয়েছিলেন আমিরুল ইসলাম (৫০)। এ জন্য ঋণ করে দালালকে দিতে হয় চার লাখ টাকা। তিন মাস কাজ করার পর আমিরুল বুঝতে পারেন, তিনি বিক্রি হয়ে গেছেন। এরপর পরিচিতজনের সহায়তায় পলায়ন। দেশে ফেরার খরচ মেটাতে আবার ঋণ করা।
আমিরুলের বাড়ি বাঘা উপজেলার মনিগ্রামে। তাঁর মতো ২১ জন যুবক গত জুলাইয়ে ইরাকে বিক্রি হয়ে গিয়েছিলেন। তিনিসহ দুজন পালিয়ে আসতে পেরেছেন। নিজেদের দুরবস্থার কথা প্রথম আলোকে জানিয়েছেন তাঁরা। ফিরে আসা অপরজন হচ্ছেন হাবাসপুর গ্রামের আলাউদ্দিন (৪০)। এ ছাড়া চারঘাট উপজেলার চারজন ও অন্যান্য জেলার ১৫ জনকে সেখানে আটকে রাখা হয়েছে।
গত ২৮ এপ্রিল আমিরুলের বাড়িতে তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, ‘নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাঁদের ইরাকে পাঠানো হয়। চারঘাটের নন্দনগাছি গ্রামের মঞ্জুরুল ইসলাম ওরফে ভূগোল নামের এক দালাল বাঘা ও চারঘাট থেকে তাঁদের ছয়জনকে ঢাকায় নিয়ে যান। ৭ জুলাই তাঁদের বিমানে তুলে দেওয়া হয়। ১০ জুলাই রাতে ইরাকে পৌঁেছ দেখেন, তাঁদের দলে ২১ জন বাংলাদেশি। আদিল নামে এক ইরাকি তাঁদের রাস্তা পরিষ্কারের কাজ দেন। তাঁদের খাবার দেওয়া হতো অনিয়মিতভাবে। কিছু বলতে গেলেই শুরু হতো মারধর।
আমিরুল বলেন, তিনি মাস পর বেতন চাইলে আদিল জানিয়ে দেন, তাঁদের তিনি কিনে নিয়েছেন। তখন তাঁরা বুঝতে পারেন, ইরাকে থাকা বাদশা, আলম ও লিটন নামের তিন দালাল তাঁদের বিক্রি করে দিয়েছেন।
একপর্যায়ে আমিরুলের সঙ্গে পরিচয় হয় নওগাঁর একজনের। তিনি তাঁকে পালাতে সাহায্য করেন। কিন্তু টাকার অভাবে দেশে ফেরা সম্ভব হচ্ছিল না। এ সময় টাঙ্গাইলের এক প্রবাসী তাঁকে ৮০ হাজার টাকা দেন। আমিরুলের পরিবার সুদের ওপর ৪০ হাজার টাকা নিয়ে পাঠায়। গত ১৯ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
আমিরুল বলেন, ‘২০ বছর আগে দেওয়া এই ঘরখানাই শুধু আছে। এখন আমি কী করবÑ বুঝে উঠতে পারছি না।’
আলাউদ্দিন পালিয়ে দেশে আসেন প্রায় দুই মাস আগে। আলাউদ্দিনকে পাওয়া গেল বাঘা বাস টার্মিনালের ‘মা টেইলার্স’ নামের একটি দর্জির দোকানে। বললেন, বাড়িতে খাবার নেই। দোকানে কাজ করলে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা পাবেন। বলতে বলতে কেঁদে ওঠেন তিনি। অথচ ইরাকে যাওয়ার আগে আলাউদ্দিনই এমন একটি দোকানের মালিক ছিলেন। সব বিক্রি করে বিদেশে যাওয়ার টাকা গুছিয়েছিলেন তিনি।
আমিরুল ও আলাউদ্দিন মামলা করার পর একজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মহিদুল ইসলাম বলেন, তিনি ইতিমধ্যে ভূগোলকে গ্রেপ্তার করেছেন। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত চলছে।