চাকরির নামে প্রতারণার ফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সূর্যের হাসি’ হেলথ কেয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কথা বলে বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশালে নিয়োগ পাওয়া মাঠকর্মী মো. মারুফ হোসেনের কাছে পাঠানো নিয়োগপত্রে কোনো স্মারক নম্বর নেই। গত ১১ এপ্রিল পাঠানো ওই পত্রে তাঁর ক্রমিক নম্বর রয়েছে গ-৬৯১। মো. মারুফ হোসেন বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখে আমার ধারণা হয়েছিল, সূর্যের হাসি ক্লিনিক ওই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সে অনুযায়ী দরখাস্ত করেছি। পরে দেখতে পাই, সূর্যের হাসি ক্লিনিকের পরিবর্তে একই নাম ব্যবহার করে অন্য একটি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য ডেকেছে এবং সেখানে নগদ অর্থ জমা দিতে হবে। বিষয়টি সূর্যের হাসি ক্লিনিক বরিশাল কার্যালয়ে গিয়ে জানতে পারি।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৭ সালে পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা দিতে যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির অর্থায়নে ‘সূর্যের হাসি’ ক্লিনিক যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে এর ৩২০টি ক্লিনিক পরিচালিত হচ্ছে।অন্যদিকে নতুন নিয়োগপত্র প্রদানকারী প্রতিষ্ঠান ‘সূর্যের হাসি’ হেলথ কেয়ার লিমিটেডের প্রতিষ্ঠাকাল জানা যায়নি। তাদের প্রধান কার্যালয় উল্লেখ করা হয়েছে হাফিজ ম্যানশন, ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এর বাইরে ওই সংস্থার সঙ্গে যোগাযোগের কোনো টেলিফোন বা মুঠোফোন নম্বরও দেওয়া হয়নি।সংস্থার চেয়ারম্যান জহুরা মোর্শেদ স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের কিছু মালামাল সরবরাহ করা হবে। তার বিপরীতে নগদ চার হাজার টাকা সংস্থা বরাবর জমা দিতে হবে। আগামী ২৬ এপ্রিল দুপুর ১২টায় সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতেও বলা হয়। একই সঙ্গে মহিলা প্রার্থীদের আসতে অসুবিধা হলে তার পরিবর্তে পুরুষ প্রতিনিধি উপস্থিত হয়ে নির্ধারিত অর্থ জমা দিয়ে কাগজপত্র নিয়ে যেতে পারবেন বলেও উল্লেখ রয়েছে।সূর্যের হাসি ক্লিনিক বরিশাল কার্যালয় সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে একই নামে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বিষয়টি সম্পর্কে সূর্যের হাসি ক্লিনিক সবাইকে সতর্ক করে দেয়। সূর্যের হাসি ক্লিনিক বরিশালের ব্যবস্থাপক ফেরদৌসি আরা বলেন, ‘প্রায় ১৪ বছর এই প্রতিষ্ঠান সুনামের সঙ্গে কাজ করে আসছে। এখানে নিয়োগের জন্য কোনোদিন কোনো অর্থের প্রয়োজন হয়নি।’সমাজসেবা অধিদপ্তর বরিশালের উপপরিচালক মনোজ কুমার ঘরামী প্রথম আলোকে বলেন, ‘একই নামে দুটি প্রতিষ্ঠানের নিবন্ধন হওয়ার সুযোগ নাই।’