চাকরির নামে বিদেশে নিয়ে নির্যাতন!
ঢাকায় পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন জোবেদা (ছদ্মনাম)। বাড়ি মাদারীপুরের শিবচরে। হঠাত্ বেশি টাকা উপার্জনের প্রলোভনে পড়েন। এক দালালের হাত ধরে জর্ডানে যাওয়ার চেষ্টা চালান। জেলে বাবা ঋণ করে, গয়নাগাঁটি বেচে এক লাখ টাকা খরচ করে মেয়েকে বিদেশে পাঠান। কিন্তু হায়! চাকরি কই! সে দেশের এক বাড়িতে বেচে দেওয়া হয় জোবেদাকে (২৭)। আট মাস ধরে পাশবিক নির্যাতন সয়ে দেশে ফেরেন। দেশে আনতে আরও এক লাখ টাকা গুনতে হয় জোবেদার বাবা-ভাইকে। কিন্তু সমাজ অসহায় মেয়েটিকে স্বাভাবিকভাবে নেয়নি। ওই দালালেরও কোনো বিচার করা যায়নি।জোবেদা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত ভাইবোনের মধ্যে জোবেদা তৃতীয়। ২০০৩ সালে তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচনী পরীক্ষা দিয়েছিলেন। কৃতকার্যও হয়েছিলেন। কিন্তু টাকার অভাবে পরীক্ষা দিতে পারেননি। ওই বছরই চলে যান ঢাকায়। চাকরি নেন পোশাক কারখানায়। জর্ডানে বেশি টাকার চাকরি দেওয়ার কথা বলে উপজেলার চর শেখপুর গ্রামের এনছান জোবেদার বাবার কাছে এক লাখ ১০ হাজার টাকা দাবি করেন। মেয়ে সংসারে সচ্ছলতা আনবে—এই আশায় বাবা ঋণ করে, গয়নাগাঁটি বিক্রি করে এনছানের হাতে তুলে দেন দাবি করা টাকা। গত বছরের ১৭ এপ্রিল জর্ডানে পাড়ি জমান জোবেদা। জর্ডানে বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে মতিন নামের এক লোক তাঁকে গাড়িতে ওঠান। দুই দিন গাড়িতে কাটানোর পর আকাবা নামক স্থানে এক বাড়িতে ওঠানো হয় তাঁকে। তখন জোবেদা চাকরির কথা জিজ্ঞেস করলে তাঁকে বলা হয়, ‘তোমাকে বিক্রি করে দেওয়া হয়েছে।’ এ কথা শুনে কান্নাকাটি জুড়ে দিলে তাঁর ওপর নেমে আসে পাশবিক নির্যাতন। একদিন জোবেদা ওই বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান। তিনি ইন্টারনেটের মাধ্যমে গ্রামের বাড়িতে বড় ভাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন।জোবেদার করুণ পরিণতির কথা জানতে পেরে তাঁর বাবা গ্রাম্য মাতব্বরদের দ্বারস্থ হন। মাতব্বরেরা সালিস করে এনছান ও তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন। তখন এনছান আরও এক লাখ টাকা দিলে জোবেদাকে ফেরত এনে দিতে পারবেন বলে জানান। জোবেদার বাবা আবারও সহায়-সম্বল বিক্রি ও ধার-দেনা করে এক লাখ টাকা জোগাড় করে তুলে দেন এনছানের হাতে। আট মাস পর গত ১৯ ডিসেম্বর জর্ডান থেকে দেশে ফেরেন জোবেদা। দেশে ফেরার পর থেকে তিনি এখন সবার ঘৃণার পাত্রী।গ্রাম্য মাতব্বর রাজ্জাক তায়ানি বলেন, ‘প্রতারক এনছান জোবেদাকে জর্ডানে বিক্রি করে দিয়েছিল। এ কথা আমাদের কাছে স্বীকার করার পর আমরা সবাই মিলে এনছানকে চাপ দিই। আবারও এক লাখ টাকা দিয়ে মেয়েটাকে দেশে আনা হয়।’ প্রতারিত জোবেদা বলেন, ‘আমার জীবনের যে সর্বনাশ হয়েছে তা আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। এর পরও অপরাধীদের যদি বিচার না হয়, তাহলে বেঁচে থাকার আর কোনো পথ থাকবে না।’ ইন্টারনেটের মাধ্যমে কীভাবে যোগাযোগ করেছিলেন—এমন প্রশ্নের জবাবে জোবেদা বলেন, ‘জর্ডানের ওই বাড়ির লোকজন ইন্টারনেটে কথা বলত, বিষয়টা খেয়াল করেছিলাম। একদিন ফাঁকা পেয়ে আমিও চেষ্টা করি এবং ভাগ্যক্রমে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হই।’জোবেদার বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। মেয়েডারে বিদেশ পাঠাইতে সব খুয়েছি। তার পর প্রতারকদের কাছে থিকা ওরে ফিরা পাওয়ার লাইগা আবার টাকা দেওয়া লাগছে। আমার এহন আর কিছু নাই।’ এ ব্যাপারে ৩ জানুয়ারি মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।অভিযুক্ত এনছানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানায়, মামলা দায়েরের পর সবাই গা ঢাকা দিয়েছে। শিবচর থানার ওসি আ. জলিল জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।