চাকরির প্রত্যাশায় হার না মানা এক কার্তিক

কোথাও যেতে হলে তাঁকে যেতে হয় মামাতো ভাইয়ের কোলে করে। এসএসসি থেকে সব পরীক্ষা দিয়েছেন তিনি এই মামাতো ভাইয়ের কোলে করে গিয়ে। অর্জন করেছেন উচ্চতর ডিগ্রি। এখন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি চাকরির জন্য।
প্রতিকূলতা আছে জীবনে। আছে শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা জয় করেছেন কার্তিক চন্দ্র মণ্ডল (২৯)। এগিয়ে চলেছেন তাঁর অভীষ্ট লক্ষ্যের দিকে। কার্তিকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দহাকুলা গ্রামে।
কার্তিকের মা মালঞ্চ দাস জানান, কার্তিকের উচ্চতা মাত্র ৩৬ ইঞ্চি। জন্মের পর কার্তিক অস্টিওলাইসিস রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যান। হাঁটু থেকে পা পর্যন্ত শুকিয়ে যায় তাঁর। এই অবস্থায় তাঁর বাঁ হাত-পা ও ডান হাত বেশ কয়েকবার ভেঙে যায়। অনেক চেষ্টা করেও তাঁকে সারিয়ে তোলা যায়নি।
তিনি জানান, লেখাপড়ার প্রতি কার্তিকের প্রচণ্ড আগ্রহ দেখে তাঁর মামাতো ভাই বৈদ্যনাথ দাসকে বাড়িতে নিয়ে আসা হয়। কার্তিক ও বৈদ্যনাথ একসঙ্গে লেখাপড়া করতেন। ২০০৩ সালে কার্তিক ও বৈদ্যনাথ এসএসসি পরীক্ষা দেন। বৈদ্যনাথের কোলে করে গিয়ে এসএসসি পরীক্ষা দেন কার্তিক। পাস করে দুজন কলেজে ভর্তি হন। ২০০৬ সালে উচ্চমাধ্যমিক, ২০১০ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস (সম্মান) এবং ২০১১ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কার্তিক। সব পরীক্ষা তিনি মামাতো ভাই বৈদ্যনাথের কোলে করে গিয়ে দিয়েছেন। কার্তিকের সঙ্গে সঙ্গে বৈদ্যনাথও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে কার্তিক কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। তিনি জানান, বাড়িতে হুইলচেয়ারে এবং কোথাও যেতে হলে এখনো তাঁকে মামাতো ভাইয়ের সাহায্য নিতে হয়। মালঞ্চ দাস বলেন, ‘অনেক কষ্ট করে কার্তিক লেখাপড়া করেছে। ওর খুব ইচ্ছে চাকরি করার। চাকরির পরীক্ষাও দিচ্ছে। কিন্তু প্রতিবন্ধী বলে চাকরি পাচ্ছে না।’
কার্তিকের মামাতো ভাই বৈদ্যনাথ দাস বলেন, ‘আমি কার্তিকদের বাড়িতে থেকে লেখাপড়া করেছি। পরীক্ষার সময় ওকে আমি কোলে করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেছি। ওর সঙ্গে আমারও মাস্টার্স পাস হয়ে গেছে। এখনো কোথাও যেতে হলে ওকে আমিই কোলে করে নিয়ে যাই।’
কার্তিক বলেন, ‘বৈদ্যনাথের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারব না। ও ত্যাগ না করলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না।’ তিনি বলেন ‘লেখাপড়া শেষ করে একটা চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু চাকরি হয়নি। আর সরকারি চাকরির বয়স আছে মাত্র এক বছর। চাকরিতে প্রতিবন্ধীদের কোটা আছে। ওই কোটায়ও আমার চাকরি হয়নি।’
কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান লক্ষ্মণ চন্দ্র ধর বলেন, ‘কার্তিক প্রতিবন্ধী হয়েও দমে যাননি। এমএ পাস করেছেন। অন্য প্রতিবন্ধীদের জন্য কার্তিক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিবন্ধী কোটায় একটা চাকরি হলে কার্তিকের স্বপ্ন পূরণ হবে।’