চাকরির প্রলোভন দেখিয়ে আটকে মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুক্তিপণের দাবিতে আটকে রাখা পঞ্চগড়ের দুই কলেজছাত্রকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নয়নপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা গতকাল বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সাদুল্যাপুর উপজেলার নয়নপুর গ্রামের কথিত প্রতারক শাহারুল ইসলামের বাবা মোত্তালেব মিয়া (৫২), মা রওশন আরা (৪৫) ও স্ত্রী শিরিনা বেগম (৩৫)। উদ্ধার হওয়া দুই কলেজছাত্রের নাম শাহীন মিয়া (২৪) ও হুমায়ুন কবির (২২)। তাঁদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ডোলোপাড়া গ্রামে।
পুলিশ জানায়, রংপুর কারমাইকেল কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র শাহীন ও পঞ্চগড় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র হুমায়ুন ১ অক্টোবর রংপুর থেকে বাসে পঞ্চগড় ফিরছিলেন। এ সময় শাহারুল ইসলামের সঙ্গে তাঁদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত বুধবার মুঠোফোনে শাহারুল তাঁর প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে তাঁদের নয়নপুর গ্রামে আসতে বলেন। সেখানে এলে তিনি তাঁদের একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন এবং তাঁদের পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে মুক্তিপণ ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে রফা হয়। পরে দুই দফায় টাকা পাঠানো হয়।
বুধবার বিকেলে হুমায়ুন কবিরের বড় ভাই ইমরান হোসেন এ ব্যাপারে রংপুর র‌্যাব-৫ ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। র‌্যাব মুঠোফোন প্রযুক্তি ব্যবহার করে (মোবাইল ট্র্যাকিং) সাদুল্যাপুর উপজেলার নয়নপুর গ্রামে প্রতারকদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে সাদুল্যাপুর থানার পুলিশ ও র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে শাহরুলের বাড়ি থেকে দুই কলেজছাত্রকে উদ্ধার করে। এ সময় শাহারুল ইসলাম পালিয়ে যান।