চট্টগ্রামের লোহাগাড়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি কলেজছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ওই ছাত্রীর বিয়ে ভেঙে যায়। ১ মে তাঁর বিয়ের দিন ধার্য ছিল।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, কাউসার আলম নামের এক ব্যক্তি তাঁর সহযোগী জমির উদ্দিন ও সৈকত নন্দীর সহায়তায় এ ঘটনা ঘটিয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রমতে, স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ওই ছাত্রী পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। মেয়েটির বাড়ির পাশের কাউসার আলম তাঁকে কিছুদিন আগে একটি বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। ওই প্রলোভনে পড়ে ১৫ এপ্রিল ওই ছাত্রী কাউসারের সঙ্গে উপজেলা সদরে যান। উপজেলা সদরে সৈকত নন্দীর ভাড়া বাসায় নিয়ে তাঁকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন কাউসার। এ ঘটনার পর কাউসার ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। বিয়েতে রাজি না হলে ভিডিওচিত্র প্রকাশ করার হুমকি দেন তিনি।
সূত্র জানায়, সম্প্রতি ওই ছাত্রীর বিয়ে ঠিক হলে কাউসার ধর্ষণের ভিডিওচিত্র পাত্রপক্ষের বাড়িতে পাঠিয়ে দেন। এ কারণে মেয়েটির বিয়ে ভেঙে যায়। গত ২৮ এপ্রিল ওই ছাত্রীর বাবা তিনজনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন। লোহাগাড়া থানার পুলিশ কাউসার ও সৈকতকে গ্রেপ্তার করেছে।
ছাত্রীটি জানান, লজ্জায় তিনি কলেজের পাশাপাশি কিন্ডারগার্টেনেও যেতে পারছেন না।
ছাত্রীটির মা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামি ঘটনার সত্যতা স্বীকার করে গত ৩০ এপ্রিল আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি জানান, আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে। যে ল্যাপটপের সাহায্যে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে, সেটি জব্দ করা হয়েছে।