চাকরির বয়স ৬২ বহাল রাখার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহাসমাবেশ করেছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। গতকাল শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, ’৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা সিন্ডিকেটের মাধ্যমে ৬২ বছর নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়স ৬০ বছর নির্ধারণ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অবান্তর। বক্তারা ইউজিসির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাঁদের চাকরির বয়সসীমা ৬২ বছর বহাল রাখার দাবি জানান। না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক এ কে এম নজরুল ইসলাম ও রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় মহাসমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মাসিউল আলম হোসেন। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা এ টি এম আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ নেয়াজ সরকার সেডু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আ. রহমান বাবুল এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসানুল হক। মহাসমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।