চাকরির বাজারে পিছিয়ে বাংলাদেশি নাবিকেরা
জাহাজে চাকরির বাজারে পিছিয়ে পড়ছেন বাংলাদেশি নাবিকেরা। নাবিকদের ভিসা পেতে দীর্ঘসূত্রতা, জাল সনদ দিয়ে জাহাজে চাকরিসহ নানা কারণে এখন বিশ্বের নামীদামি কোম্পানিগুলো বাংলাদেশি নাবিকদের নিয়োগ দিতে আগ্রহ হারাচ্ছে। এ কারণে বাংলাদেশি বেকার নাবিকদের সংখ্যা এখন নিয়মিতই বাড়ছে।
আন্তর্জাতিক নৌ সংস্থার নীতিমালা অনুযায়ী, বিভিন্ন দেশে গিয়ে নাবিকদের জাহাজে যোগদানের অধিকার রয়েছে। এ জন্য নাবিকদের বিশেষায়িত ভিসার ব্যবস্থা রয়েছে। তবে এ অধিকার পাচ্ছেন না বাংলাদেশের নাবিকেরা। জাহাজ থেকে নাবিকদের পালিয়ে যাওয়া, জাল সনদে চাকরিসহ নানা কারণেই ভাবমূর্তি-সংকট রয়েছে এ খাতে। দীর্ঘদিন ধরে সংকট নিরসনে পদক্ষেপ না নেওয়ায় একের পর এক বাজার বন্ধ হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বের বড় কোম্পানিগুলো সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং ও সৌদি আরবভিত্তিক। এই খ্যাতনামা কোম্পানিগুলোতে যোগদানের জন্য আকাশপথে এসব দেশ হয়ে জাহাজে উঠতে হয়। কিন্তু ভিসা না পাওয়ায় বা পেতে বিলম্বের জন্য জাহাজে নিয়োগপত্র পেয়েও যোগদানের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি নাবিকেরা।
সৌদি আরবের রেড সি মেরিন কোম্পানির কারিগরি তত্ত্বাবধায়ক এম এ মতিন মুঠোফোনে সম্প্রতি সৌদি আরব থেকে প্রথম আলোকে বলেন, সৌদি আরবের একটি জাহাজ কোম্পানিতে যোগদানের জন্য ১৫ জন নাবিক ২০০৯ সালে বিমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন। কিন্তু তাঁরা জাহাজে যোগ না দিয়ে সেখানে পালিয়ে যান। এ ঘটনায় সৌদি সরকার একটি সার্কুলারে বাংলাদেশি নাবিকদের জাহাজে যোগদানের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে।
জানতে চাইলে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ভিসা জটিলতা নিরসনের জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে আমরা নৌমন্ত্রীকে জানিয়েছি। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরে বিষয়টি যাতে সুরাহা করা হয়, সে জন্য উদ্যোগ নেওয়া হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। এ ছাড়া জাল সনদ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সম্প্রতি চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের জানান, ‘ভিসা জটিলতার বিষয়টি নিয়ে আমরা অবগত রয়েছি। বিষয়টি সুরাহা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সরকারি সমুদ্র পরিবহন কার্যালয় নাবিকদের নিয়োগসংক্রান্ত তথ্য হালনাগাদ করে। এ সংস্থার সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে এখন নিবন্ধিত সাধারণ নাবিক রয়েছে তিন হাজার ৬৯৮ জন। এর মধ্যে বর্তমানে সমুদ্রগামী জাহাজে কর্মরত রয়েছে এক হাজার ৩৭৭ জন।
সরকারি এ সংস্থার হিসাবে, সাধারণ নাবিক ছাড়াও কর্মক্ষম কর্মকর্তাদের সংখ্যা ছয় হাজার ৯০৪ জন। এর মধ্যে গত জুন মাসের হিসাবে জাহাজে কর্মরত রয়েছেন এক হাজার ৫০৬ জন। অর্থাৎ সাধারণ নাবিক ও কর্মকর্তাদের বড় একটি অংশ এখন বেকার।
নাবিক ও কর্মকর্তারা পালাক্রমে জাহাজে যোগদান করেন। ন্যূনতম ছয় মাস থেকে এক বছরের চুক্তিতে চাকরির পর বিরতি দিয়ে আবার সুযোগ পেলে কাজে যোগ দেন। কিন্তু বর্তমানে এক থেকে দেড় বছর পর্যন্ত অপেক্ষা করেও নিয়োগ পাচ্ছেন না অনেকে।
গত বছর এক হাজার ৮৬৫ জন সাধারণ নাবিক এবং তিন হাজার ৩৯২ জন কর্মকর্তা দেশি-বিদেশি জাহাজে কর্মরত ছিলেন। এসব সাধারণ নাবিক ও কর্মকর্তাদের গত বছর অর্জিত আয় ছিল এক হাজার ২৫১ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: এদিকে ভিসা জটিলতাসহ নৌ খাতে সংকট দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মেরিন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ‘এক্স ক্যাডেট অব বাংলাদেশ মেরিন একাডেমি’র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তাঁরা এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীরা জানান, গত বছর ডিসেম্বরে মেরিন একাডেমি থেকে দুই বছরের কোর্স শেষ করার ১০ মাস পরও ১৭০ জন ক্যাডেট জাহাজে প্রশিক্ষণের সুযোগ পাননি। এ বছর ডিসেম্বরে কোর্স শেষ করতে যাচ্ছেন আরও ২৬৫ জন। নতুন ক্যাডেটরা প্রশিক্ষণের সুযোগ না পাওয়ায় কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ক্যাডেটদের পাশাপাশি কর্মকর্তাদের অনেকেই এখন বেকার। ভিসা জটিলতাসহ নানা কারণে তাঁরা চাকরি বাজারে প্রবেশ করতে পারছেন না। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাইফুল ইসলাম, ইমরান ওয়াহিদ ইমন, কামরুল হাসান প্রমুখ।