চাকরির লোভ দেখিয়ে ছাত্রকে অপহরণ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির বিবিএর ছাত্র মোহাম্মদ আবদুর রহমানকে (রিয়াদ) চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ২৩ জুলাই রাতে জামালপুর সদর উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান (২৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামের খাজা মাঈনুদ্দীনের ছেলে। তিনি টঙ্গীর চেরাগ আলী মাতবরবাড়ি রোডের জনৈক নেয়ামত উল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনায় রেজাউল কবির ওরফে সাগর, শাহাবুদ্দিন ও জামালকে গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী থানার পুলিশ গতকাল বুধবার জানায়, আবদুর রহমানকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৩ জুলাই ইন্টারভিউ দিতে উত্তরার মাসকট প্লাজায় যেতে বলেন ঘটনার মূল পরিকল্পনাকারী রেজাউল। সেখানে শাহাবুদ্দিন ও জামাল ভাড়া করা একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। তাঁরা রেজাউলের সঙ্গে আবদুর রহমানকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার কথা বলে প্রথমে ময়মনসিংহে নিয়ে যান। সেখান থেকে রেজাউলকে উঠিয়ে গাড়িটি জামালপুর সদর উপজেলার নুরুন্দি গ্রামে যায়। এর মধ্যে রাত গভীর হলে গাড়িচালক আর যেতে অস্বীকৃতি জানান। পরে চালককে এক ঘণ্টা অপেক্ষা করার কথা বলে আবদুর রহমানকে নিয়ে ওই তিনজন চলে যান। আধা ঘণ্টা পর রাত একটার দিকে আবদুর রহমান ছাড়া বাকি তিনজন ফিরে এলে চালকের সন্দেহ হয়। তিনি জানতে চান, আরেকজন কোথায়? জবাবে ওই তিনজন সদুত্তর দিতে না পারায় চালক ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে লোকালয়ে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় ওই তিনজন পালিয়ে যান।
এদিকে ২৩ জুলাই চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আর ফিরে না আসায় ৩০ জুলাই আবদুর রহমানের ফুফাতো ভাই মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন। মামলায় জাকির হোসেন অভিযোগ করেন, আবদুর রহমানের পূর্বপরিচিত লিপি নামের এক মেয়ের স্বামী রেজাউল। রেজাউলের মাধ্যমে চাকরি দেওয়ার বিষয়টি লিপি আবদুর রহমানকে জানান।
গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রেজাউলকে উত্তরা থেকে গ্রেপ্তার করে টঙ্গী থানার পুলিশ। এর আগে শাহাবুদ্দিন ও জামালকে গ্রেপ্তার করা হয়। এ দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, আবদুর রহমানের বাবা আবুধাবীপ্রবাসী। আবদুর রহমানকে হত্যার পর তাঁর বাবার কাছে বিভিন্ন সময় ফোন করে রেজাউল ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তাঁকে অপহরণ ও হত্যার জন্য তাঁদের (শাহাবুদ্দিন ও জামাল) ভাড়া করেন রেজাউল।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল্লাহ জানান, ২৪ জুলাই সকাল আটটায় জামালপুর সদরের মোহনপুর দক্ষিণপাড়া এলাকার একটি কাঁঠালগাছে ফাঁস অবস্থায় আবদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে তাঁকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়। ২৬ জুলাই জামালপুর আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশটি দাফন করে।