কক্সবাজারের দরিদ্র পরিবারের দুই কিশোরীর (১৩) মা-বাবা নেই। পেটের দায়ে তারা জেলা শহরের এক বাসায় গৃহপরিচারিকার কাজ নিয়েছিল। ভালো চাকরির লোভ দেখিয়ে জাহাঙ্গীর (২৬) নামের এক যুবক তাদের গত ৩০ এপ্রিল চট্টগ্রাম শহরে আনে।দুই কিশোরীকে বহদ্দারহাটে নিজের বাসায় দুই দিন আটকে রেখে জাহাঙ্গীর ও তার বন্ধু রফিকুল ইসলাম ধর্ষণ করে। পাশবিক নির্যাতনে রুমা আক্তার (১৩) গত সোমবার মারা যায়। এ ঘটনায় মঙ্গলবার চান্দগাঁও থানায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়। পরে বৃহস্পতিবার ধর্ষণের শিকার অন্য কিশোরী বাদী হয়ে দুই ধর্ষক ও বাড়ির মালিককে আসামি করে মামলা করে।রুমা আক্তারের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার মরিছ্যা এলাকায়। অন্য কিশোরীর বাড়ি কক্সবাজারের ফিশারিঘাট এলাকায়। তার বাবা-মা নেই। পুলিশ সূত্র জানায়, প্রতারক জাহাঙ্গীর গাড়িচালক। অন্যজনের পরিচয় জানা যায়নি। তবে দুজনের কোনো ঠিকানা পাওয়া যায়নি। দুজনই পলাতক। তাদের পাশাপাশি বহদ্দারহাটের কসাইপাড়া এলাকার বাড়ির মালিক মো. ইউসুফও (৪২) পালিয়েছেন। ইউসুফ ধর্ষণে সহযোগিতা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বলেন, ‘চাকরির লোভ দেখিয়ে দুই কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসে জাহাঙ্গীর। এরপর দুই রাত তাদের ধর্ষণ করে। এতে একজন অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে ২ মে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ধর্ষণের শিকার কিশোরী জানায়, ‘জাহাঙ্গীরের সঙ্গে রুমার পূর্বপরিচয় ছিল। তাকে তার ভাই হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয় রুমা। জাহাঙ্গীর আমাদের গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে দেবে বলেছিল।’কিশোরী জানায়, জাহাঙ্গীরের প্ররোচনায় ৩০ এপ্রিল সন্ধ্যার দিকে তারা চট্টগ্রামের গাড়িতে ওঠে। গভীর রাতে চট্টগ্রামে পৌঁছানোর পর জাহাঙ্গীর তাদের নিয়ে বহদ্দারহাটের কসাইপাড়ার ইউসুফ কলোনির টিনশেড বাসায় ওঠে। রাতে সে তার বন্ধু রফিকুল ইসলামকে ঘরে রেখে বের হয়ে যায়। রফিক রাতভর দুজনকে ধর্ষণ করে। হত্যার ভয় দেখানোয় তারা চিৎকার করেনি। পরদিন জাহাঙ্গীরসহ দুজন রাতভর তাদের ধর্ষণ করে। একপর্যায়ে রুমা অসুস্থ হয়ে পড়ে। সকালে চিকিৎসক এনে স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে জাহাঙ্গীর, সে ও বাড়িওয়ালা মিলে রুমাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়। সেখানে চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।’পুলিশ জানায়, রুমার মৃত্যুর কথা শুনে কিশোরীসহ জাহাঙ্গীর ও ইউসুফ হাসপাতাল থেকে পালিয়ে যান। এ ঘটনা কেউ জানলে ওই কিশোরীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে অন্য এক বাসায় রাখা হয়। সেখান থেকে ওই কিশোরী গত বুধবার উখিয়ায় রুমার এক আত্মীয়কে ফোন করে তার মৃত্যুর খবর দেয়। রুমার বড় বোন জরিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা সাত বোন ও দুই ভাই। বাবা-মা নেই। রুমাকে দেড় বছর আগে কক্সবাজারে এক পরিচিত লোকের বাড়িতে কাজে দিয়েছিলাম।’