চাকরির শেষে এসে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার তদন্ত হচ্ছে
চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে যেসব পদস্থ কর্মকর্তা শেষ মুহূর্তে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, তাঁদের বিষয়ে তদন্ত করতে তিনটি কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পদস্থ কর্মকর্তারা মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার বিষয়টি যাচাই-বাছাই করবে।
গতকাল প্রথম আলোতে ‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এই তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য কোনো কর্মকর্তা একইভাবে সনদ নিয়েছেন কি না, তাও খতিয়ে দেখবে কমিটি। একটি কমিটির প্রধান করা হয়েছে একজন অতিরিক্ত সচিবকে এবং অন্য দুটি কমিটির প্রধান হবেন দুজন যুগ্ম সচিব।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল টেলিফোনে প্রথম অলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যেসব অভিযোগ উঠছে, আমরা তা খতিয়ে দেখছি। তিন দিনের মধ্যে এসব কর্মকর্তার সব নথিপত্র তলব করা হয়েছে। একইভাবে মুক্তিযোদ্ধা সেজে কেউ ভাতা/অনুদান নিচ্ছেন কি না, তাও খতিয়ে দেখা হবে।
মন্ত্রী বলেন, ‘এসব নথিপত্র আমি নিজে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের নাম সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে জানিয়ে দেব। এসব অনৈতিক কাজে মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা সহায়তা করেছেন, তাঁদের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা পদস্থ কর্মকর্তাদের সনদ নেওয়ার বিষয়টি যাচাই-বাছাই করব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেঁধে দেওয়া চার মানদণ্ডের আওতায় না পড়লে কেউ এ সুবিধা পাবেন না। কোনো কর্মকর্তা অনৈতিকভাবে এ সনদ নিয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন।
এর মধ্যে গত কয়েক মাসে বেশ কয়েকজন সচিবের নাম অন্তর্ভুক্ত করে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশিত হয়েছে। তাঁরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার।
এভাবে সনদ নিয়েছেন চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী ও ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তারা।