চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তরুণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হুমায়ুন আহমেদ ওরফে রাসেল (২৬) নামের এক তরুণ চাকরির সাক্ষাৎকারে অংশ নিতে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু সাক্ষাৎকার দেওয়ার আগেই লাশ হয়ে ফিরেছেন তিনি। গত মঙ্গলবার গাজীপুরের হোতাপাড়া এলাকার পুলিশ ফাঁড়ির কাছে তাঁর লাশ পাওয়া যায়। তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
ওই তরুণ ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের দিঘলিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া গ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে তাঁর লাশ দাফন করা হয়।
রাসেলের বাবা মো. সুরুজ আলী বলেন, রাসেল রাজধানীর মোহাম্মদপুর এলাকার গার্ড ফোর্স অ্যান্ড হিউম্যান রিসোর্স সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে অস্থায়ী চাকরি করত। ১২ জানুয়ারি পাঁচ দিনের ছুটি নিয়ে সে বাড়িতে আসে। ওই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চাকরির জন্য সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল মঙ্গলবার। ছেলে তাঁকে বলেছিল চাকরিটি স্থায়ী হলে বাড়তি বেতনভাতা পাওয়া যাবে। এতে সংসারে কিছুটা হলেও সচ্ছলতা আসবে। কিন্তু সচ্ছলতা আসার বদলে তাঁর একমাত্র ছেলে লাশ হয়ে ফিরেছে।
রাসেলের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সাক্ষাৎকার দেওয়ার জন্য মঙ্গলবার সকাল আটটায় রাসেলের কর্মস্থলে উপস্থিত থাকার কথা। যথাসময়ে সেখানে উপস্থিত হওয়ার জন্য গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। রাত ১১টা ৬ মিনিটে মুঠোফোনে তিনি তাঁর বাবাকে জানান, ইজতেমা-ফেরত যাত্রীদের ঈশ্বরগঞ্জে নামিয়ে যে বাসটি যাত্রীশূন্য অবস্থায় ঢাকায় ফেরত যাচ্ছিল, তিনি সেটিতে উঠেছেন।
রাসেলের ছোট বোন সাবিনা ইয়াসমিন জানান, রাত ১২টার পর বাড়ি থেকে রাসেলের মুঠোফোনে বারবার ফোন করা হলেও কেউ তা ধরেনি। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সাবিনা ইয়াসমিন আরও বলেন, তিনি পরদিন তাঁর ভাইয়ের কর্মস্থলে গিয়ে সহকর্মী আবদুল জালিলের সঙ্গে কথা বলে রাসেল সম্পর্কে কোনো তথ্য পাননি। ছেলে নিখোঁজের ঘটনায় রাসেলের বাবা সুরুজ আলী মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
শফিকুল ইসলাম নামে রাসেলের এক স্বজন বলেন, মঙ্গলবার গাজীপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ হোতাপাড়া থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনাটি ফেসবুকে ছবিসহ দেওয়া হয়। রাসেলের এক স্বজন এক ব্যক্তির অ্যাকাউন্টে গত বুধবার ওই পোস্ট দেখে বাড়িতে খবর দেন। পরদিন গত বৃহস্পতিবার পরিবারের লোকজন ওই মর্গে গিয়ে রাসেলের লাশ শনাক্ত করেন। রাতেই তাঁরা লাশ বাড়িতে নিয়ে আসেন।