চাকা ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈমানিকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। গতকাল রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।
এর ফলে রাজশাহীগামী ওই ফ্লাইট ছাড়াও গতকালের সৈয়দপুর ও যশোরের ফ্লাইট বাতিল করা হয়েছে। ওই উড়োজাহাজটি দিয়ে তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার কথা ছিল।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল বেলা ২টা ১৭ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রাজশাহীর ফ্লাইট (ডিজি-৪৯১)। আকাশের ওড়ার পরপর বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে বৈমানিককে জানানো হয় যে উড়োজাহাজটির ডান দিকের চাকা ফেটে গেছে। এরপর বেলা ২টা ৫০ মিনিটের দিকে ৮৪ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ কারণে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে উড্ডয়ন-অবতরণ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়।
বিমানের একটি সূত্র জানায়, নিয়ন্ত্রণকক্ষ থেকে না জানানো হলে ওই বিমানটি স্বাভাবিক অবতরণ করতে গেলে বড় দুর্ঘটনায় পড়ার আশঙ্কা ছিল। ডান দিকের চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্যাপ্টেন দক্ষতার সঙ্গে বাঁ দিকের চাকার ওপর ভর করিয়ে বিমানটি অবতরণ করান।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন ফয়সাল গফুর এবং ফার্স্ট অফিসার ছিলেন মহসিন কামাল। তিনি জানান, ৭২ জন যাত্রী ও ৫ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য প্রকৌশল হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।