চাকা লাইনচ্যুত, চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলছে
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলা চড়ানল নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর লাইন মেরামত করে বেলা দুইটার পর থেকে আবারও ওই পথে ট্রেন চলাচল করছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৩ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন থেকে ছেড়ে যায়। শশীদল ও রাজাপুর স্টেশনের মধ্যবর্তী চড়ানল নামক স্থানে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন পার্শ্ববর্তী স্টেশনগুলোতে আটকা পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে।
আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি উদ্ধার করার কথা রয়েছে। এদিকে শশীদল স্টেশনের সহকারী স্টেশনমাস্টার রশীদুল আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এটি দুর্ঘটনাকবলিত বগিটিকে উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।