চাকার ভেতর আটকে ছিল নারীর দেহ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো পাশে রাস্তার ধারে চা বিক্রি করতেন মরিয়ম (৪৫) ও তাঁর স্বামী আমির হোসেন। প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরেও দোকান খুলেছিলেন তাঁরা। দোকানের ময়লা ফেলতে রাস্তার ওপারে গিয়েছিলেন মরিয়ম। মিনিট কয়েকের মধ্যে তাঁর ফেরার কথা থাকলেও আর ফেরেননি। বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।
ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (বিমানবন্দর এলাকা) ফাতেমা ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা-ময়মনসিংহ সড়কে দ্রুতগামী গাজীপুর পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মরিয়মের মৃত্যু হয়। তাঁর মরদেহ চাকার ভেতর আটকে ছিল। পরে রেকার এনে গাড়ি উঁচু করে মরদেহ বের করা হয়।
এক ছেলে ও এক মেয়ের মা মরিয়মের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। স্বামীকে নিয়ে থাকতেন আশকোনা এলাকার সিভিল অ্যাভিয়েশন টিনশেড কলোনিতে।
বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরিয়ম ও আমিরের চায়ের দোকানটি বন্ধ। তাঁদের দোকানের পাশেই আরেকটি টং দোকানে চা বিক্রি করছিলেন খাদিজা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি ছিলেন না। পরে এসে জেনেছেন, ময়লা ফেলতে মরিয়ম রাস্তার ওপারে গিয়েছিলেন। তিনি জানান, এ এলাকায় মরিয়ম ও তাঁর স্বামী চা বিক্রি করেন বহু বছর ধরে। পালাক্রমে তাঁরা দোকানে থাকতেন। ভোর থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকত।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) টি এম আল আমিন প্রথম আলোকে বলেন, মরিয়মের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টি এম আল আমিন বলেন, চালক পালিয়ে গেছেন। গাড়িটি আটক করা হয়েছে। বিআরটিএর মাধ্যমে মালিককে শনাক্ত করা হবে।