চাকায় ওড়না জড়িয়ে তরুণীর মৃত্যু
বিকেলে ছেলেপক্ষের লোকজন দেখতে আসবে। তাই দুপুর বেলা অটোরিকশায় (ব্যাটারিচালিত) করে বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিলেন এক তরুণী। কিন্তু বরপক্ষের সামনে আর যাওয়া হলো না তাঁর। ফেরার পথেই অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মারা যান। এভাবে বিয়ের পিঁড়িতে বসার আগেই চিরবিদায় নিতে হয় তাঁকে। নওগাঁ পৌরসভা গেটের সামনে শনিবার এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই তরুণীর নাম কানিজ নাজমা (২২)। তিনি নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার ময়েন উদ্দিনের মেয়ে এবং নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী। নিহত নাজমার বাবা ময়েন উদ্দিন বলেন, ‘আমার মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এর অংশ হিসেবেই শনিবার বিকেলে ছেলেপক্ষের লোকজনের তাকে দেখতে আসার কথা ছিল। কিন্তু তার আগেই মেয়ে আমার শেষ বিদায় নিয়ে গেল।’ কানিজ নাজমার সহপাঠী কানিজ ফাতেমা জানান, কলেজের ক্লাস শেষে তাঁরা দুই বান্ধবী বেলা সোয়া একটায় একটি অটোরিকশাযোগে কলেজ থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে পৌরসভার গেট অতিক্রম করার সময় নাজমার পরনের ওড়নার এক প্রান্ত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। টের পেয়ে চালক অটোরিকশা থামিয়ে দেন এবং চাকা থেকে ওড়না খুলে ফেলেন। এ সময় নাজমা অজ্ঞান হয়ে যায়। পরে চালক ও তিনি নাজমাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।