চাকায় ওড়না পেঁচিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে চলন্ত মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন রত্না বেগম (২৬) নামের এক গৃহবধূ৷ এই দুর্ঘটনায় তাঁর স্বামী ও এক বছরের শিশুসন্তানও আহত হয়৷ এদিকে, আদমদীঘিতে মাইক্রোবাসের চাপায় মারা গেছে সাত বছরের এক শিশু৷
শেরপুরের মির্জাপুর-জামাইল সড়কের মান্দাইল খালের সেতুর ওপর দিয়ে পাশের নন্দীগ্রাম উপজেলার হুঁশিয়ারপাড়া গ্রামের ফিরোজ আলী (৩০) গতকাল বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন৷ আহত ফিরোজের আত্মীয় স্বাধীন খান বলেন, পরিবারটি নিজ বাড়ি থেকে শেরপুরে আসছিল৷ তাঁদের এক বছরের শিশুটি ছিল মায়ের কোলে। বেখেয়ালে রত্নার ওড়না চলন্ত মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়৷
মোটরসাইকেলটি সেতুর ওপর ওঠার সময় ওড়নার টানে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন রত্না৷ এ সময় কোলের সন্তান ও ফিরোজও সেতুর ওপর ছিটকে পড়ে৷ স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মারা যান৷ তাঁর স্বামী ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে, নওগাঁর ধামইরহাট উপজেলার সদর ইউনিয়নের শল্পীবাজার নামক স্থানে ধামইরহাট-জয়পুরহাট সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় সুমাইয়া খাতুন (৭) নামের এক শিশু মারা গেছে৷ সে উপজেলার নানাইচ গ্রামের আজিজার রহমানের মেয়ে৷ পুলিশ মাইক্রোবাস ও সেটির চালককে আটক করেছে৷