চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা মোড়ে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক ছাত্রী মারা গেছে। আজ রোববার বেলা সোয়া ১১টায় দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম আছিয়া (১২)। সে রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

আছিয়ার সঙ্গে থাকা তার খালাতো বোন শারমিন আক্তার প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি রাজবাড়ী শহরে। সকালে তিনি ও আছিয়া ইজিবাইকে করে বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। কাজীবাধা মোড়ে আছিয়ার গলার ওড়না অসাবধানতাবশত ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সে গাড়ি থেকে পড়ে যায়। তখন আছিয়াকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা সৌরভ শিকদার প্রথম আলোকে বলেন, হাসপাতালে আছিয়াকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হুদা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। নিহত আছিয়ার অভিভাবকেরা মামলা করতে অনাগ্রহী। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।