চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সিকদারবাড়ি এলাকায় গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম দোলন আক্তার (১৭)। সে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। দোলন সিকদারবাড়ি এলাকার বাসিন্দা।
গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সবদের আলী বলেন, দোলন কলেজের আইসিটি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিল। পথে সিকদারবাড়ি এলাকার মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর সড়কে তার ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় দোলনের গলায় ফাঁস লেগে যায়।
এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে অটোরিকশাটি থামিয়ে মুমূর্ষু অবস্থায় দোলনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আবাসিক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান বলেছেন, এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত মামলা হয়নি।