চাকায় ওড়না প্যাঁচিয়ে যাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে সাহারা বেগম (৪৮) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গবার দপুরে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে এই ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ফিরোজা বেগম (৩৮) নামের এক নারী নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই আতিকুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চরপাড়া এলাকার মমতাজ উদ্দিনের স্ত্রী সাহারা বেগম উপজেলার হাটাব এলাকা থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। কালাদি এলাকায় অসতর্কতাবশত গলার ওড়না চাকার সঙ্গে প্যাঁচিয়ে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় একটি ট্রাকের সঙ্গে মানিকগঞ্জগামী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর পাঁচ যাত্রী আহত হন। তাঁদের পাশের মুন্নু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করেন।