চাকায় ঘুরছে প্রতিবন্ধীদের উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুইল ট্রেড বাংলাদেশ বা চলমান দোকানে বিক্রি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিভিন্ন জিনিস। গাড়িটি যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। গতকাল রাজধানীর ফার্মগেটে কেআইবি কমপ্লেক্স প্রাঙ্গণে এসে থেমেছে গাড়িটি। থাকবে আরও দুই দিন l ছবি: সংগৃ​হীত
হুইল ট্রেড বাংলাদেশ বা চলমান দোকানে বিক্রি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিভিন্ন জিনিস। গাড়িটি যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। গতকাল রাজধানীর ফার্মগেটে কেআইবি কমপ্লেক্স প্রাঙ্গণে এসে থেমেছে গাড়িটি। থাকবে আরও দুই দিন l ছবি: সংগৃ​হীত

মানিকগঞ্জ থেকে এসেছে ঢাকায়। আবার ফিরবে মানিকগঞ্জে। সেখানে বিজয় মেলা শেষ করে যাবে ফরিদপুরে। তারপর খুলনা, যশোর হয়ে সাতক্ষীরায় যাবে। সুন্দরী মধু, খেজুরপাতা দিয়ে বানানো বিভিন্ন জিনিস, আচার, নকশি কাঁথা, পুঁতির মালা, ছেলেদের পার্স, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, প্রতিবন্ধী বাচ্চাদের বসানোর জন্য চেয়ার, কাগজ দিয়ে বানানো টুলসহ হরেক পণ্য নিয়ে সে ছুটছে এক মেলা থেকে আরেক মেলায়। রাস্তায় চলার সময় অনেকেই তাকায় কৌতূহলী দৃষ্টিতে। মেলায় বসলেও অনেকে দেখতে আসে। তার নাম ‘হুইল ট্রেড বাংলাদেশ’।
‘হুইল ট্রেড বাংলাদেশ’ নামের এই গড়িটি আসলে এক চলমান দোকান। গাড়িটি প্রতিবন্ধীদের ভাগ্যের উন্নয়নে ছুটছে বিভিন্ন জায়গায়। ডিজঅ্যাবলড রিহেভিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) উদ্যোগ এটি। তারা ১০টি বাণিজ্যিক বিষয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণও দিচ্ছে। ডিআরআরএ-এর সহযোগী ১২টি বেসরকারি সংস্থায় কর্মরত প্রতিবন্ধীদের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে এই গাড়িতে। একটি দাতা সংস্থার সহায়তায় তৈরি এ গাড়ির চাকা থেমেছে রাজধানীর ফার্মগেটে কেআইবি কমপ্লেক্স প্রাঙ্গণে। গতকাল শনিবার থেকে এখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী

চলমান দোকানে বসে পা দিয়ে রসিদ লিখছেন ইব্রাহিম
চলমান দোকানে বসে পা দিয়ে রসিদ লিখছেন ইব্রাহিম

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। সে উপলক্ষেই গড়িটি এসেছে ঢাকায়। প্রতিবন্ধীদের পণ্যসম্ভার নিয়ে গাড়িটি চলা শুরু করেছে ২০১৩ সাল থেকে। গতকাল শনিবার গাড়ির সামনে কথা হয় সাতক্ষীরার অষ্টমী মালোর সঙ্গে। ২০০৪ সাল থেকে তিনি ডিআরআরএর সঙ্গে যুক্ত। খেজুরপাতার বিভিন্ন জিনিস দেখিয়ে অষ্টমী বেশ গর্বের সঙ্গেই জানালেন, একসময় তিনি এসব তৈরি করতেন। এখন অন্যদের শেখানোর কাজ করছেন। পোলিও আক্রান্ত অষ্টমী শরীরের বাঁ পাশ তেমন নাড়াতে পারেন না। তিনি ডিগ্রি পর্যন্ত পড়েছেন। মাসে তাঁর আয় পাঁচ থেকে ছয় হাজার টাকা।
গাড়ির ভেতরে বসে বিক্রি হওয়া জিনিসের টাকা বুঝে নিয়ে রসিদ দিচ্ছিলেন ইব্রাহিম। পোলিও আক্রান্ত ইব্রাহিম দুই হাত প্রায় অচল। তিনি লিখছিলেন পা দিয়ে। এইচএসসি পর্যন্ত পড়া ইব্রাহিম এ কাজ করে মাসে আয় করছেন সাড়ে ছয় হাজার টাকা। অষ্টমী, ইব্রাহিমের মতো পাঁচজন প্রতিবন্ধী এবং দুজন অপ্রতিবন্ধী ব্যক্তি এ গাড়ির কার্যক্রম পরিচালনা করছেন। যে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্য বিক্রি হচ্ছে তাঁরা বিক্রির পুরো টাকাই পাচ্ছেন বলে জানালেন সংগঠনটির নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। তিনি জানালেন, আড়ং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি সুন্দরী মধু নিচ্ছে। এভাবে অন্য কোনো সংগঠন উৎসাহ দেখালে তাদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় পাশেই ছিলেন হুইল ট্রেড বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক এ বি এম শাহীন।
ফরিদা ইয়াসমিনও জানালেন, বিভিন্ন মহলের চাঁদাবাজির সমস্যায় পড়তে হয় প্রায়ই। তবে বিভিন্ন বাধার মধ্যেও এ গাড়ির মাধ্যমে প্রতিবন্ধী উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে তঁাদের অবস্থার উন্নতি করা যায়, সে পরিকল্পনা নিয়েই এগিয়ে চলছে গাড়ির চাকা।