চাকায় ত্রুটি, রিজেন্টের সিঙ্গাপুর ফ্লাইট বাতিল
উড্ডয়নের আগে উড়োজাহাজের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট (আরএক্স ৭৮৪) বাতিল করা হয়েছে। সঙ্গে সঙ্গে যাত্রীদের সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ৪০ মিনিটের মতো বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। পরে উড়োজাহাজটি টেনে হ্যাঙ্গারে নেওয়া হয়। রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বিপণন কর্মকর্তা আকতার ইউ আহমেদ বলেন, ওই ফ্লাইটের যাত্রীদের বেলা সাড়ে তিনটায় রিজেন্টের অপর একটি উড়োজাহাজে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রিজেন্টের যাত্রীবাহী উড়োজাহাজটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাওয়ার পথে সামনের দিকের চাকায় স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত গিয়ে ধোঁয়া নিভিয়ে ফেলেন এবং যাত্রীদের নামিয়ে আনেন।