চাকুধারী আন্দোলনকারীদের দমন করা হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না। তবে হাতে বোমা আর কোমরে চাকু নিয়ে এলে সে আন্দোলন কঠোর হাতে দমন করা হবে।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
ইনু বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি গ্রামে গ্রামে কমিটি গঠন, মিটিং-মিছিল, মানববন্ধনসহ সব ধরনের আন্দোলনই করতে পারবে। তবে সহিংস আন্দোলনের চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী টিভির ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক ফারুকী হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার সব হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুতগতিতে খুনিদের গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জের ঘটনা তার নজির।
জাসদের এই নেতা বলেন, সরকার দল দেখে, মুখ দেখে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং খালেদা জিয়া ও তাঁর স্বামী জিয়াউর রহমানের ইতিহাস আছে খুনিদের আড়াল করার। এমনকি খুনিদের নিয়ে রাজনীতি করার ইতিহাসও তাঁদের রয়েছে।
গতকাল খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, ফারুকীকে হত্যার মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো, এই দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলেই গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটিয়ে অপরাধীরা অদৃশ্য হয়ে যাচ্ছে।
খালেদা জিয়ার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইনু বলেন, বেগম জিয়া জানলেন না, বুঝলেন না, ফারুকী হত্যার দায় সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন। বিএনপি নেত্রী কি করে জানলেন এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত? সুতরাং এ ধরনের মিথ্যাচার খালেদা জিয়া অতীতেও করেছেন, বর্তমানেও করছেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক সরকার। এ সরকারকে যাঁরা অবৈধ বলছেন, তাঁরাই নির্বাচন ছাড়া অবৈধভাবে ক্ষমতায় যেতে চেয়েছিলেন।