চাক্কি রাসেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সাবেক কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনের নির্দেশে ইতালির নাগরিক সিজার তাবেলাকে হত্যা করা হয়েছে। এ জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও মতিন দিয়েছেন ৫০ হাজার টাকা।
সিজার তাবেলা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন বলে আদালত সূত্র জানায়। রাসেল বলেন, বিদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ হত্যার নির্দেশ দিয়েছেন মতিন। নির্দেশের পর তাঁরা এ হত্যার ঘটনা ঘটান।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ২৬ অক্টোবর চাক্কি রাসেলসহ চারজনকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল, তামজিদ আহম্মেদ ওরফে শুটার রুবেল ও শাখাওয়াত হোসেন শরীফ। এই তিনজনই আগে বিভিন্ন সময় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তাঁরা কারাগারে। তবে গ্রেপ্তারের পর থেকে রাসেল রিমান্ডে ছিলেন। আজ তাঁকে ঢাকা মহানগর বিচারিক হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়। রাসেলের জবানবন্দি রেকর্ড করেন বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান।
আদালত সূত্র জানায়, রাসেল জবানবন্দিতে বলেন, মতিনকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন তিনি। কোরবানির ঈদের পরদিন মতিন তাঁকে একাধিকবার ফোন করেন। পরে দেখা হলে মতিন তাঁকে বিদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য গুলশান এলাকায় বিদেশিকে হত্যা করতে হবে বলে জানান। মতিন তাঁকে এ কাজ করে দিতে বলেন। বিনিময়ে তিনি (রাসেল) মতিনের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। এতে রাজি হন মতিন।
জবানবন্দিতে রাসেল বলেন, গ্রেপ্তার হওয়া ভাগনে রাসেল তাঁর বন্ধু। তাঁর সঙ্গে বিদেশি হত্যা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর ভাগনে রাসেল একদিন গ্রেপ্তার শুটার রুবেলকে তাঁর (চাক্কি রাসেল) কাছে নিয়ে আসেন। পরিকল্পনা অনুযায়ী বাড্ডার ভাঙাড়ি সোহেল নামের একজনের কাছ থেকে অস্ত্র নিয়ে আসেন রুবেল। ঘটনার দিন আগে থেকেই ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেন তাঁরা। সন্ধ্যার দিকে সিজার তাবেলা ওই পথ দিয়েই যাচ্ছিলেন। তখন রুবেলকে ইঙ্গিত করে সিজার তাবেলাকে দেখিয়ে দেন তিনি (চাক্কি রাসেল)। এরপর শুটার রুবেল পরপর চারটি গুলি করেন। পরে মোটরসাইকেলযোগে পালিয়ে যান তাঁরা।
গতকাল ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে এম এ মতিনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। আজ একই আদালতে মতিনকে হাজির করা হয়। আদালত তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।