ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রামের মেয়রের মতবিনিময় সভা
চাক্তাই ও খাতুনগঞ্জকে ঘিরে বাণিজ্যিক অঞ্চল গড়ার দাবি

চট্টগ্রাম নগরের চাক্তাই-খাতুনগঞ্জকে ঘিরে বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলেন, বাণিজ্যিক অঞ্চল হিসেবে অবকাঠামোগত সুযোগ-সুবিধা গড়ে তোলা হলে দেশের ঐতিহ্যবাহী এই অঞ্চল আবার প্রাণ ফিরে পাবে। এর জন্য গুদাম ও ট্রাক টার্মিনাল নির্মাণ, চাক্তাইসহ বিভিন্ন খাল সংস্কার করে নৌপথ চালু, প্রশস্ত সড়ক নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা গড়ে তোলা দরকার।
গতকাল শনিবার দুপুরে চাক্তাই, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ ও কোরবানীগঞ্জের সমস্যা ও করণীয় বিষয়ক এক বৈঠকে এ তাগিদ দেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে এ বৈঠকের আয়োজন করে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সংগঠনের কার্যালয়ে বৈঠকটি হয়।
ব্যবসায়ীরা বলেন, বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হলে এই অঞ্চলে ছোট ও মাঝারি আকারের শিল্পকারখানা গড়ে উঠবে। এই অঞ্চল থেকে সারা দেশে কম খরচে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে। চট্টগ্রাম বন্দর কাছাকাছি অবস্থান করায় আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। ব্যবসায়ীদের সমস্যার কথা শুনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মতবিনিময় সভায় মাহবুবুল আলম বলেন, দেশের পুরোনো এই বাণিজ্যকেন্দ্রে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীরা। গত বছর বর্ষায় জোয়ারের কারণে জলাবদ্ধতায় শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে প্রবেশের মুখে সব সময় যানজট লেগে থাকে। অপ্রশস্ত সড়ক দখল করে আছে অনেক স্থাপনা। স্বাভাবিক যান চলাচলের জন্য অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে হবে। ট্রাক ও ঠেলাগাড়ির জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়ারও প্রস্তাব দেন তিনি।
খাতনুগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ বলেন, চাক্তাই-খাতুনগঞ্জ ঘিরে বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলা হলে অনেক সমস্যাই তখন আর থাকবে না। এই এলাকায় সরকারি খাসজিম রয়েছে। সেখানে ছোট ও মাঝারি শিল্পকারখানা গড়ার সুযোগ রয়েছে। চাক্তাই খাল দখলমুক্ত করে নৌপথ চালু করলে কম খরচে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে। বহু পুরোনো এই বাণিজ্যকেন্দ্রে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুস সালাম বলেন, খাতুনগঞ্জে প্রবেশপথেই যানজটে পড়তে হয়। হাঁটার জন্য যে ফুটপাত রয়েছে, তা দখল হয়ে গেছে। রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হয়। ফুটপাত দখলমুক্ত করা হলে যানজট কমে আসবে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। যানজট নিরসনের জন্য বক্সিরহাট এলাকায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে এবং সেখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে বলে জানান তিনি।
বৈঠকে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক, চাক্তাই শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।