চাক্তাই ও নাছির খাল খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরে খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার চাক্তাই খালের বহদ্দারহাট ও নাছির খালের আগ্রাবাদ অংশ খনন করা হয়। প্রাথমিক পর্যায়ে দুটি খালের ছয়টি অংশে খনন কাজ চলবে।
নগরের জলাবদ্ধতা নিরসনের কর্মপন্থা ঠিক করতে গত বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদে নিজ কার্যালয়ে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৈঠকে তিনি নগরের চাক্তাই খাল, হিজড়া খাল, নাছির খাল ও মহেশ খাল খননের নির্দেশ দেন।
সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাক জানান, গতকাল সকাল খালের ভরাট হয়ে যাওয়া অংশ থেকে মাটি ও আর্বজনা তুলে আপাতত খালের এক পাশে ও পাড়ে রাখা হচ্ছে। পরে ট্রাকে করে এসব মাটি বাকলিয়ার নূরনগর আবাসিক এলাকায় রাখা হবে।
করপোরেশন সূত্রে জানা গেছে, চাক্তাই খালের বহদ্দারহাট অংশ ছাড়াও ঘাসিয়াপাড়া, ফুলতলা, ধুনিরপুল এলাকাতেও খনন চলছে।