চাক্তাই-খাতুনগঞ্জে জলাবদ্ধতার 'মাশুল'

চলতি বছরের ১২ ও ১৩ জুন জোয়ার ও ভারী বর্ষণে গুদামে পানি ঢুকে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি আড়ত সোনালী ট্রেডার্সের প্রায় ৬০০ বস্তা পণ্য নষ্ট হয়ে যায়। এসব বস্তায় ছিল পেঁয়াজ, রসুন, আদা ও হলুদ। এতে ব্যবসাপ্রতিষ্ঠানটির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।
সোনালী ট্রেডার্সের কর্ণধার মো. আবছার উদ্দিন ১ জুলাই প্রথম আলোকে বলেন, গত নয় বছরে কম-বেশি প্রতিবছর এক থেকে দুবার জোয়ার ও ভারী বর্ষণে পানি ঢুকে আড়তের পণ্য নষ্ট হচ্ছে। একই অবস্থা খাতুনগঞ্জের অন্য আড়তদারদের।
সোনালী ট্রেডার্সের প্রায় দেড় শ হাত দূরে চাক্তাই খাল। এখানেই গড়ে উঠেছে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়ার বাজার। এটি নিচু এলাকা। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বাড়লে এবং অতিবৃষ্টি হলে বাজারটি পানিতে তলিয়ে যায়। সোনালী ট্রেডার্সের পাশেই রয়েছে ৬৫ বছরের পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স বাচা মিয়া সওদাগর’। প্রতিষ্ঠানটি পেঁয়াজ, রসুন, আদা ও হলুদের পাইকারি বিক্রেতা। এর কর্ণধার মোহাম্মদ ইদ্রিস প্রথম আলোকে বলেন, ব্যবসা করে লোকসানের চেয়ে জলাবদ্ধতার কারণে এখানকার ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০০৭ সাল থেকে প্রতিবছর জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।

চাক্তাই খালের এক পাড়ে খাতুনগঞ্জ অন্য পাড়ে চাক্তাই বাণিজ্যকেন্দ্র। জোয়ারের পানি প্রথম কর্ণফুলী নদী থেকে চাক্তাই খাল হয়ে চাক্তাই ও খাতুনগঞ্জ বাণিজ্যকেন্দ্রে প্রবেশ করে। ভারী বর্ষণ হলে তা রূপ নেয় জলাবদ্ধতায়।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাক্তাই, খাতুনগঞ্জ এলাকায় প্রায় চার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তবে এখানকার সব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য মজুত থাকে না। মূলত কাঁচা পণ্যের আড়ত, ডাল, চালসহ নিত্যপণ্যের পাইকারি বিক্রেতারা জলাবদ্ধতায় ক্ষতির শিকার হচ্ছেন বেশি। বড় আমদানিকারকেরা তাঁদের পণ্য মাঝিরঘাটসহ শহরের নানা এলাকার গুদামে রাখেন। সেখান থেকে পাইকারি বিক্রেতারা পণ্য এনে খাতুনগঞ্জের ছোট ছোট গুদামে সংরক্ষণ করেন। জলাবদ্ধতার কারণে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন আড়তদার ও ছোট-বড় পাইকারি ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, জোয়ার ও জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে উঁচু প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়েছে। কোনোটি ছোট, কোনোটি বড়। খাতুনগঞ্জের ইরা ট্রেডার্সের পরিচালক মোহাম্মদ ফারুক বলেন, দেয়াল দিয়েও রক্ষা নেই। কারণ, দেয়াল চুইয়ে ও নিচ থেকে পানি উঠে বস্তা ভিজে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, জোয়ারের উচ্চতা বাড়তে থাকায় প্রতিবছর দুই-তিনটি ইট দিয়ে উঁচু করা হচ্ছে প্রতিরোধ দেয়াল।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে, মূলত ২০০৭ সালে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় প্রথম বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এরপর ২০১০, ২০১২, ২০১৫ সাল থেকে এ বছর পর্যন্ত বর্ষা মৌসুমে ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ঠিক কত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সে হিসাব সংগঠনটির কাছে নেই। তবে ব্যবসায়ীরা নিজেদের গুদামের পণ্য রক্ষা করতে নানা ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমেছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের পর ২০১২ ও ২০১৫ সালেও ক্ষয়ক্ষতির মাত্রা ছিল বেশি। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দোকানের সামনে প্রতিরোধ দেয়াল দিয়ে পণ্য রক্ষার সাময়িক ব্যবস্থা নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে প্রতিবছর জলাবদ্ধতার মাত্রা বাড়ায় এই ব্যবস্থা নিয়েও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
খাতুনগঞ্জের মতো ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন চাক্তাই এলাকার ব্যবসায়ীরা। এই বাণিজ্যকেন্দ্রে চালের পাইকারি বেচাকেনা হয়। ১ জুলাই চাক্তাই এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি পাইকারি দোকানের সামনে উঁচু প্রতিরোধ দেয়াল। পা উঁচু করে দোকানে প্রবেশ করতে হয়। চাক্তাই এলাকায় চালের পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ৩০০টি।
চাক্তাইয়ের আলম অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার এনামুল হক প্রথম আলোকে বলেন, গত বছর বর্ষা মৌসুমের জলাবদ্ধতার কারণে ১৬ লাখ টাকার চাল নষ্ট হয়েছে। এরপর প্রতিরোধ দেয়ালসহ নানা ব্যবস্থা নিয়েছেন তিনি। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। চাক্তাই খাল সংস্কার না করলে সাময়িক এসব ব্যবস্থায় সুফল পাওয়া যাবে না।