চাক্তাই খাল থেকে দুটি ঘাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের চাক্তাই খালের দুটি অবৈধ ঘাট উচ্ছেদ ও ১৪টি ভাসমান দোকান অপসারণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন প্রথম আলোকে বলেন, অনুমতি ছাড়া স্থাপন করায় ঘাটগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া চাক্তাই খালের সঙ্গে যুক্ত একটি নালার ওপর অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছিল। এতে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ জন্য ১২টি দোকান অপসারণ করা হয়েছে।

এদিকে চাক্তাই এলাকায় রাস্তার ওপর ইট-বালু রাখায় ফজলুর রহমান নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে নালার ওপর থেকে দুটি ভাসমান দোকান উচ্ছেদ এবং রাস্তার ওপর থেকে একটি বৈদ্যুতিক জেনারেটর অপসারণ করা হয়।