চাক্তাই খালের খননকাজ পরিদর্শনে মেয়র
নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন গতকাল সোমবার চাক্তাই খালের খননকাজ দেখতে যান। এ সময় তিনি খননকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
গতকাল বেলা দুইটার দিকে মেয়র চাক্তাই খালের বহদ্দারহাট পুলিশ বিট অংশে যান। সেখান থেকে খালের ঘাসিয়াপাড়া, ফুলতলা, টাকশাহ মসজিদ অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি ঘাসিয়াপাড়া এলাকায় খালের ওপর নির্মিত হারেছ শাহ সেতু ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেন প্রকৌশলীদের।
চাক্তাই খাল পরিদর্শনের সময় মেয়র আ জ ম নাছির বলেন, পরিকল্পিত ও আধুনিক উপায়ে নগরের খালগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। প্রাথমিক পর্যায়ে অতিবর্ষণ ও জোয়ারের পানি দ্রুত নিষ্কাশনের জন্য চাক্তাই খালের কয়েকটি অংশ থেকে মাটি ও আবর্জনা অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খননকাজ পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন, কাউন্সিলর নুরুল হক ও মোহাম্মদ আজম, সচিব রশিদ আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আনোয়ার হোছাইন ও রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, মনিরুল হুদা ও কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে গতকাল দুপুরে নগরের ফিরিঙ্গিবাজারে ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র।
কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, বোর্ডের রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম প্রমুখ।