চাক্তাই-খাতুনগঞ্জে বাণিজ্যিক অঞ্চল চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জকে ঘিরে নতুন বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে খাতুনগঞ্জ থেকে সারা দেশে পণ্য পরিবহনের জন্য নৌপথ চালু এবং চাক্তাই খাল ও কর্ণফুলী নদীর সংযোগস্থলে নৌবন্দর, গুদাম ও ট্রাক টার্মিনাল নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার চট্টগ্রামে ‘চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। এতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং নগর পরিকল্পনাবিদেরা ব্যবসা-বাণিজ্যের প্রসারে নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেন। নগরের পাঁচলাইশে প্রথম আলোর কার্যালয়ে এ বৈঠক হয়।
আলোচনায় অংশ নিয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দর খান বলেন, নদীপথের সঙ্গে যোগাযোগ চালু থাকলে খাতুনগঞ্জের অনেক সমস্যা মিটে যেত। খাতুনগঞ্জ থেকে পণ্য পরিবহনে শুধু সড়কপথের ওপর নির্ভর করলে চলবে না। এ অঞ্চলের ভূ-প্রাকৃতিক অবস্থা বিবেচনা করে উন্নয়ন করা উচিত। তিনি ব্যবসায়ীদের উন্নত বিশ্বের মতো ব্যবসায়িক সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের সহায়তা নেওয়ারও পরামর্শ দেন।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, খাতুনগঞ্জের দক্ষিণে পাথরঘাটা, আশরাফ আলী রোড, উত্তরে দেওয়ানবাজার এবং পূর্বে শাহ আমানত সেতু পর্যন্ত এলাকাকে ঘিরে বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। কর্ণফুলী নদীর তীরে রাজাখালী খালের পাশে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি। সেখানে মাঝারি শিল্প করার সুযোগ দিলে খাতুনগঞ্জের গুরুত্ব আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী বলেন, বিশ্বের অনেক দেশে প্রধান বন্দরকে কেন্দ্র করে বাণিজ্যের আরও প্রসার হয়েছে। কিন্তু অবকাঠামো সুবিধা না বাড়ায় খাতুনগঞ্জে জোয়ারের সময় জলাবদ্ধতা হচ্ছে। যানজটসহ নানা সমস্যারও মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ব্যবসায়ী সমিতিগুলো চাক্তাই এলাকার পাশে ট্রাক টার্মিনাল গড়ে তোলার জন্য জায়গা চিহ্নিত করে দিলেও তা করা হয়নি। মেয়র বা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে শিল্প এলাকা ও বাণিজ্য এলাকার জন্য সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া উচিত।
বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আলী আশরাফ বলেন, চাক্তাই খাল ও কর্ণফুলী নদীর সংযোগস্থলে নৌবন্দর ঘোষণার দাবি জানানো উচিত ব্যবসায়ীদের। কারণ চাক্তাই খাল দিয়ে বিপুল পরিমাণ পণ্য পরিবহন হতো একসময়। সেসব পণ্য যেত চাঁদপুর ও খুলনায়। নৌবন্দর হলে এ বাণিজ্য কেন্দ্রটি থেকে নৌপথে আবার পণ্য পরিবহন চালু হবে। ফলে সড়কপথের যানজটসহ অনেক সমস্যা এড়ানো সম্ভব হবে।
সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চাক্তাই খালের জায়গা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে। নালা-খাল দখল হয়ে আছে। এখন বর্ষা মৌসুম ছাড়াও অন্য সময়েও জলাবদ্ধতা হচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জে এ সমস্যা দূর করতে চাক্তাই ও রাজাখালী খালের মুখে জলকপাট (স্লুইসগেট) স্থাপনের পরামর্শ দেন তিনি।
মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম বলেন, বাণিজ্যিক অঞ্চল হিসেবে সুযোগ-সুবিধা তৈরি হলে পণ্য ওঠানো-নামানো এবং পণ্য পরিবহনের খরচও কমে আসবে। এতে শুধু ব্যবসায়ীরা নন, ভোক্তারাও উপকৃত হবেন।
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলমগীর পারভেজ বলেন, অবকাঠামোগত সমস্যার কারণে চট্টগ্রামে নানা সমস্যার শিকার হতে হচ্ছে।
চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, চাক্তাই-খাতুনগঞ্জ এলাকা সম্প্রসারণ করা দরকার। সরকারের অনেক খাস জমি পড়ে আছে। এসব জমিতে টার্মিনালসহ নানা অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া উচিত।
চাক্তাই শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের অনেক এলাকার উন্নয়নে কাজ করলেও চাক্তাই-খাতুনগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে কিছুই করেনি।
সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বলেন, চাক্তাই-খাতুনগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গোলটেবিল বৈঠকের সঞ্চালক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, চাক্তাই-খাতুনগঞ্জ ও আছদগঞ্জের ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি হয়েছিল মূলত নৌপথের সঙ্গে সংযুক্ত থাকার কারণে। বন্দর দিয়ে ভোগ্যপণ্য আমদানির হিসাবে এই অঞ্চলের ব্যবসায়ীরাই এখন প্রায় ৩৮ শতাংশ আমদানি করছেন। ভোগ্যপণ্য আমদানিতে ব্যবসায়ীদের সংখ্যায়ও এখনো এ অঞ্চল শীর্ষে। তাই ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনার বিষয়গুলো ব্যবসায়ীদেরই তুলে ধরা উচিত।