চাক্তাই-খাতুনগঞ্জের জলাবদ্ধতা নিরসনে মন্ত্রীকে চট্টগ্রাম চেম্বারের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাণিজ্য কেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, বক্সিরহাট ও বাকলিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কাছে গতকাল সোমবার পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান চেম্বার সভাপতি।
চিঠিতে বলা হয়, কর্ণফুলী নদীসংলগ্ন এ বাণিজ্যিক এলাকায় জোয়ার ও বৃষ্টির পানির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বিভিন্ন দোকান ও গুদামে মজুতকৃত কোটি কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট হয়েছে। ব্যবসায়ীদের চলাচলেও সমস্যা হচ্ছে।
চিঠিতে বলা হয়, পণ্য নষ্ট হওয়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থনীতি ও রাজস্ব আদায়ের ক্ষেত্রেও তা বিরূপ প্রভাব ফেলবে। দেশের অন্যতম প্রধান এ বাণিজ্যিক জনপদ সরেজমিনে পরিদর্শন করে চাক্তাই খাল খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।