চাচা-ভাতিজা খুনের ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের গুরু-দাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী শাহপাড়া গ্রামে দুজন খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে নিহত ব্যক্তিদের পক্ষে খুন হওয়া ইয়ারুলের বড় ভাই এহিয়া হক মামলা করেন। পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। মামলায় ইউনুস, রব্বেল, হাফিজুল ইসলাম, আমজাদ, সেন্টু, পাসু, ইয়ার উদ্দিন, নূর ইসলাম, আবদুর রহমান, শরাবসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।গত সোমবার প্রতিপক্ষের হামলায় সিধুলী শাহপাড়া গ্রামে আমির হোসেন শাহ (৪৫) ও তাঁর ভাতিজা ইয়ারুল ইসলাম (৩৬) খুন হন। ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন জানান, মামলায় অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে বাড়িতে তালা ঝুলিয়ে গা-ঢাকা দিয়েছেন।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তরা এলাকা ছাড়ায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।