চাচা-ভাতিজার ধর্ষণের শিকার এক বিধবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে এক বিধবাকে চাচা ও ভাতিজা ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথমে ভাতিজা আমীর হোসেন ওই নারীকে ধর্ষণ করেন। পরে আমীর হোসেনের বিরুদ্ধে বিচার দিতে গেলে তাঁর চাচা স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা লাল মিয়াও তাঁকে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগ করেন। এ ঘটনায় ওই নারী গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।এলাকাবাসী জানান, প্রায় আট বছর আগে ওই নারীর স্বামী মারা যান। অনেক কষ্টে তিনি দুই মেয়েকে বিয়ে দেন। এক ছেলে ও এক মেয়ে ঢাকায় চাকরি করেন। আরেক ছেলে ও মেয়ে গ্রামে অন্যের বাড়িতে থাকেন। আট বছরের ছেলেকে নিয়ে তিনি চাচাশ্বশুর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মিয়ার বাড়িতে থাকতেন। ওই নারী বলেন, সপ্তাহ দুয়েক আগে লাল মিয়ার ভাতিজা আমীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে আমীর ঢাকায় কর্মরত তাঁর ছেলেকে হত্যার হুমকি দেন। তবু তিনি ঘটনাটি লাল মিয়াকে জানান। ২০ জানুয়ারি রাতে লাল মিয়া তাঁকে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলামাত্রই লাল মিয়া তাঁকে জাপটে ধরে ধর্ষণ করেন। এ সময় ঘরে তাঁর ছোট ছেলে ছিল। ওই রাতেই তিনি ছেলেকে নিয়ে অন্য বাড়িতে চলে যান। তিনি আরও জানান, গত সোমবার তিনি খালাতো ভাইকে নিয়ে আদালতে এ ব্যাপারে মামলা করতে যান। এ সময় তাঁর খালাতো ভাইকে মুঠোফোনে শরীফপুরের বর্তমান ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী মামলা করতে নিষেধ করেন ও বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। পরে তাঁরা চলে আসেন। মামলা করতে নিষেধ করার বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি তাঁকে আদালতে যেতে মানা করেছি। তবে মামলা করতে মানা করিনি। বরং এসব বিষয়ে আদালতে নয়, থানায় মামলা দায়ের করার কথা তাঁকে বলেছি।’ এ ব্যাপারে লাল মিয়া বলেন, ‘এটি আমার বিরুদ্ধে গ্রামের একটি মহলের অপপ্রচার।’ আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেই পুলিশ পাঠিয়ে ওই নারীকে আমার কার্যালয়ে এনে তাঁর বক্তব্য শুনেছি। তাঁর কাছ থেকে লিখিত বক্তব্যও রেখেছি। এ বিষয়ে থানায় মামলা দেওয়ার কথা বলেছি।’আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, গতকাল ওই নারী থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।