চাচা-ভাতিজার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চাচা-ভাতিজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া একই ওয়ার্ডে আরেক প্রার্থীর বিরুদ্ধে তাঁর চাচাতো ভাইয়ের ছেলে প্রার্থী হয়েছেন। এ নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
স্থানীয় অন্তত ১৯ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ওয়ার্ডে মো. আবদুস সালাম নামের এক প্রার্থীর বিরুদ্ধে তাঁর ভাতিজা রফিকুল ইসলাম প্রার্থী হয়েছেন। এ ছাড়া আরেক প্রার্থী বর্তমান কাউন্সিলর আনোয়ারুল কবিরের বিরুদ্ধে তাঁর চাচাতো ভাইয়ের ছেলে সাকিল সিকদার প্রার্থী হয়েছেন। তাঁদের ধারণা, নির্বাচনে চারজন প্রার্থী হলেও শেষ পর্যন্ত মাঠে দুই প্রার্থীর ভাতিজারা থাকবেন না। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য আনোয়ারুল ও সালাম তাঁদের ভাইয়ের ছেলেদের ‘ডামি’ প্রার্থী করেছেন। আনোয়ারুল ও সালাম প্রচার-প্রচারণা চালালেও রফিকুল ও সাকিল নিজেদের পক্ষে কোনো প্রচারণায় নামেননি। এমনকি তাঁরা কোনো পোস্টারও লাগাননি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ভোটার বলেন, গত নির্বাচনে আবদুস সালাম তাঁর ভাইকে প্রার্থী করেছিলেন।
‘ডামি’ প্রার্থীর বিষয়টি অস্বীকার করে মো. আবদুস সালাম বলেন, রফিকুল ইসলাম নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। একই পরিবারের দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এতে দোষের কী আছে? তবে রফিকুল ইসলাম বলেন, ‘আমি আসলে ডামি প্রার্থী। চাচার ইচ্ছায় প্রার্থী হয়েছি।’
আনোয়ারুল কবির বলেন, সাকিল আমার চাচাতো ভাইয়ের ছেলে। আমরা চাচা-ভাতিজা প্রার্থী হলেও আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। সাকিল কৌশলগত কারণে প্রার্থী হয়েছেন। তবে এ বিষয়ে জানতে সাকিল সিকদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।