চাচা-ভাতিজার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে খন্দকার নজরুল ইসলাম ও তাঁর ভাতিজা খন্দকার হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চাচা আওয়ামী লীগের মনোনীত আর ভাতিজা দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে খন্দকার হাবিবুর ছাড়াও আনোয়ার হোসেন ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। এ ছাড়া মো. ফরহাদ আলী বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দকার নজরুল সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তাঁর ভাতিজা হাবিবুর রহমান পেশায় ব্যবসায়ী। হাবিবুর ২০১১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান দুলালের কাছে মাত্র ২৭০ ভোটে পরাজিত হয়েছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ হিসেবে যাঁরা নির্বাচন করছেন, তাঁদের বিরুদ্ধে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলার ছয়টি ইউপিতে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।