কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে হামিদুল হক চৌধুরী সভাপতি এবং জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্পর্কে তাঁরা আপন চাচা-ভাতিজা।
দলীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
বেলা তিনটায় দ্বিতীয় অধিবেশন তথা কাউন্সিল সোনারপাড়ার একটি বাংলোতে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ১২০ জন কাউন্সিলরের মধ্যে ১১৮ জন সরাসরি ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
নবনির্বাচিত সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ ১১ বছর ধরে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখন সভাপতির দায়িত্ব নিয়ে দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেব।’