ফুলগাজীতে কৃষিযন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের প্রদর্শনী
ধানের চারা রোপণ যন্ত্রের সাহায্যে মাত্র ৬ ঘণ্টায় তিন একর জমিতে চারা লাগানো সম্ভব। দিনমজুর দিয়ে তিন একর জমিতে চারা লাগাতে কৃষকের খরচ পড়ে সাড়ে ২২ হাজার টাকা। সময়ও বেশি লাগে। কৃষিযন্ত্রের ব্যবহারের মাধ্যমে কৃষকেরা কম খরচে অধিক উৎপাদন করতে পারবেন।
ফেনীর ফুলগাজীতে গতকাল বৃহস্পতিবার কৃষিযন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এসব কথা জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফুলগাজী সদর ইউনিয়নের নিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী কার্যালয়ের উপপরিচালক মো. খালেদ কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনিল বণিক, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি মো. সাহাব উদ্দিন।
কৃষি কর্মকর্তারা জানান, তিন একর জমিতে যন্ত্র দিয়ে ধানের চারা লাগাতে মাত্র ৬ লিটার ডিজেল দরকার। যন্ত্রের চালকের বেতনসহ সব মিলিয়ে খরচ হবে ১ হাজার টাকার মতো। যন্ত্রটির দাম ২ লাখ টাকা। যন্ত্র কিনতে কৃষকদের উৎসাহিত করতে সরকার ৩০ শতাংশ ভর্তুকি দিচ্ছে।