চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজারও মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চান মিয়া (৫০) ও মিস্তারুল মিয়া (২৩)।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বাড়ির পাশে মেশিনে ধান মাড়াই করতে যান চান মিয়া। এ সময় মাথার ওপরে থাকা বিদ্যুতের ঝুলন্ত তার হাত দিয়ে সড়াতে যান তিনি। এতে চান মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ দৃশ্য দেখে চাচাকে বাঁচাতে ছুটে আসেন মিস্তারুল। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন বাঁশ দিয়ে তারটি আলাদা করে দুজনকে আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যুর বিষয়টি জাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামছুল হক ঝন্টু নিশ্চিত করেছেন।