ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদ ভবনের কাছে গতকাল রোববার বিকেলে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীশিমুল গ্রামের বকুল মিয়া (৩৫), তাঁর ভাই ফারুক মিয়া (৩২), মা নুরুন নাহার বেগম (৫৫), চাচি মনোয়ারা বেগম (৫০), একই উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের আলী ইসলামের স্ত্রী রওশনা বেগম ও বকুলের বোনের জামাই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা কারচালক আবুল কাশেম। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, বকুলের বড় চাচা শফিকুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে বকুলসহ ওই ছয়জন সরাইলের কালীশিমুল গ্রামে যান। লাশ দাফন শেষে বিকেলে তাঁরা একটি প্রাইভেটকারযোগে শ্রীমঙ্গলে ফিরছিলেন। বিকেল পাঁচটায় মাধবপুরের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের (ব্রাহ্মণবাড়িয়া ট-০২-০০১৬) সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ছয়জন প্রাণ হারান।খবর পেয়ে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া কারের ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে।দুর্ঘটনার পরপরই চালক ও সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। পুলিশ ট্রাকটি আটক করেছে।নিহত বকুলের বোন নাসিমা বেগম জানান, বকুলসহ সরাইলের ওই পাঁচজন শ্রীমঙ্গলের একটি রেস্তোরাঁয় বাবুর্চির কাজ করতেন। চাচার দাফন শেষে তাঁরা কর্মস্থলে ফিরছিলেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহম্মেদ প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হবে।এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাকশাইল এলাকায় গতকাল সকাল ১০টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় একজন পথচারী নিহত হন। তিনি হলেন উপজেলার জগদীশপুর গ্রামের রাজন্দ্র পালের ছেলে সন্তোষ।